
সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে শ্যামলী শিশুমেলা বিনোদনকেন্দ্রটিতে উপচে পড়া ভিড় হতো। তবে গতকাল শুক্রবার বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকলেও শিশুমেলা ছিল কোলাহলশূন্য। ২০ দিন ধরে বন্ধ থাকা বিনোদনকেন্দ্রটিতে ঘুরতে এসে অনেকেই হতাশ হয়ে ফিরে গেছেন। কবে নাগাদ পার্কটি খোলা হবে সে বিষয়েও নিশ্চিত করে বলতে পারছেন না ডিএনসিসির কর্মকর্তারা।
ইজারাসংক্রান্ত জটিলতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) গত ২৬ নভেম্বর বিনোদনকেন্দ্রটি বন্ধ করে সিলগালা করে দেয়। তখন ডিএনসিসির কর্মকর্তারা দু-তিন দিনের মধ্যে বিনোদনকেন্দ্রটি আবার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছিলেন।
গতকাল শুক্রবার সকালে দেখা যায়, শিশুমেলার দুই পাশের ফটকেই তালা ঝুলছে। ডিএনসিসির পার্ক বন্ধের নোটিশ টাঙানো। টিকিটের কাউন্টারগুলো জনমানবহীন। গতকাল বিজয় দিবসে অনেকেই সন্তানদের পার্কে ঘোরাতে নিয়ে এসেছিলেন। পার্ক বন্ধ থাকায় হতাশ হয়ে ফিরে যাচ্ছিলেন তাঁরা।
মিরপুর থেকে দুই সন্তানকে নিয়ে বেড়াতে এসেছিলেন মনজুরুল ইসলাম। দুই ছেলে পার্কে না ঘুরে বাড়ি ফিরতে চাইছিল না। মনজুরুল বলেন, ‘পার্ক বন্ধ সেটা জানতাম না। বাচ্চারা বেড়াতে চাইছিল। শিশুমেলায় ঘোরা হলো না, তাই বিমান জাদুঘরে নিয়ে যাচ্ছি।’ শিশুমেলায় ১৭টি ফ্যামিলি রাইড ও ৭০টি কিডস রাইড আছে। এ ছাড়াও শিশুমেলার ভেতরে খাবার, হস্তশিল্প পণ্য, রান্নাঘরে ব্যবহারের সামগ্রী বিক্রির ১০টি দোকান রয়েছে। শিশুমেলার নিজস্ব কর্মকর্তা-কর্মচারী এবং দোকানের ব্যবসায়ী-কর্মী মিলিয়ে প্রায় ১০০ জন এখান থেকে জীবিকা চালাতেন। হঠাৎ বন্ধ করে দেওয়ায় এসব লোক এখন দিশেহারা হয়ে পড়েছেন।
হস্তশিল্প পণ্যের দোকান ছিল শফিকুল ইসলামের। তিনি প্রথম আলোকে বলেন, ‘২০ দিন ধরে ব্যবসা নেই। হুট করে এত দিনের ব্যবসা বন্ধ করে দিল। আগে জানালে আমরা বিকল্প কিছু করতে পারতাম। পার্ক বন্ধের বিষয়ে দোকানের মালিকদের কোনো নোটিশ দেওয়া হয়নি।’
শিশুপার্কটি ১ দশমিক ৪০ একর জমিতে গড়ে উঠেছে। নিজ খরচে আধুনিক খেলার যন্ত্রাংশ স্থাপন করার লক্ষ্যে ২০০২ সালের ১৯ ফেব্রুয়ারি পার্কটি ইজারা দেয় সিটি করপোরেশন। মেসার্স ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস নামের প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৫ হাজার ৭৫৬ টাকায় তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়। এ চুক্তি আর নবায়ন করা হয়নি। সিটি করপোরেশন ইজারার চুক্তি বাতিল করে একাধিকবার শিশুপার্কটিতে উচ্ছেদ কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিলেও আইনি জটিলতায় তা হয়নি।
ডিএনসিসি সূত্রে জানা যায়, ১২ বছরের বেশি সময় বিনোদনকেন্দ্রটির ইজারা আদায় করা যায়নি না। বিনোদনকেন্দ্রটির বকেয়া ইজারা প্রায় ৫০ কোটি টাকা নির্ধারণ করেছে ডিএনসিসি। পার্কটি অবিলম্বে খুলে দেওয়ার বিষয়ে ইতিমধ্যে ডিএনসিসি কর্মকর্তারা সভা করেছেন।
এ বিষয়ে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান প্রথম আলোকে বলেন, গত সপ্তাহে পার্কটির বিষয়ে কয়েকটি সভা হয়েছে। আইনি বিষয় জড়িত। ইজারাদারের কাছ থেকে বকেয়া আদায়ের চেষ্টা করা হচ্ছে। খুব দ্রুত পার্কটি খুলে দেওয়া হবে।