খুলনায় এখন চিংড়ি চাষের ভরা মৌসুম। এই চিংড়ি চাষ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে একদিকে যেমন রয়েছে হতাশা, তেমনি অন্যদিকে আছে আশা।
জেলার কয়েকটি উপজেলায় কৃষি জমিতে লোনা পানি ঢুকিয়ে চলছে বাগদা চিংড়ি চাষ। এতে একশ্রেণির ঘেরমালিক ফুলে-ফেঁপে বড় হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি।
স্থানীয় চিংড়িচাষি ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেল, লোনা পানির চিংড়িঘের করার জন্য বড় বড় ঘেরমালিকেরা জেলাপর্যায় ও এলাকা থেকে কিছু প্রভাবশালী মানুষকে হাতে নিয়ে প্রথমে একটা বিলের কিছু জমির মালিকের সঙ্গে চুক্তি করেন। চুক্তির পর তাঁরা কোনো এক রাতের আঁধারে নদী থেকে সমগ্র বিলে লোনা পানি ঢুকিয়ে দেন। তখন অসংখ্য জমির মালিককে নিরুপায় হয়ে ওই ঘেরমালিকের কাছে জিম্মি হয়ে পড়তে হয়।
ডুমুরিয়ার মাসুদ শেখ এ রকম একজন। বিলে এক খণ্ড জমি ছিল তাঁর। লোনা পানির চিংড়ি চাষের ফলে জমিটি দিনে দিনে অনাবাদি হয়ে পড়েছে। মাসুদ এখন অন্যের ঘেরে শ্রমিকের কাজ করেন। এ রকম অসংখ্য ‘মাসুদ’ রয়েছেন পুরো জেলায়।
অপরদিকে মিষ্টি পানিতে গলদা চিংড়ির চাষ যাঁরা করছেন, তাঁদের অনেকেই লাভবান হচ্ছেন। কারণ, মাছের সঙ্গে ধান ও সবজি চাষ করা যাচ্ছে। গলদায় লাভ কম হলেও ধান-সবজিতে পুষিয়ে নিতে পারছেন তাঁরা।
১৯৮০-এর দশক থেকে খুলনা অঞ্চলে প্রধানত লোনা পানির বাগদা ও মিষ্টি পানির গলদা চিংড়ির চাষ হচ্ছে। তার মধ্যে পাইকগাছা, কয়রা ও দাকোপ উপজেলায় প্রায় সব জমিতেই লোনা পানি ঢুকিয়ে বাগদা চাষ করা হচ্ছে। আর ডুমুরিয়া, ফুলতলা, তেরখাদা ও রূপসা উপজেলায় মিষ্টি পানির গলদা চিংড়ির চাষ বেশি হচ্ছে বটে, তবে কিছু এলাকায় লোনা পানি ঢুকিয়ে বাগদার প্রচলন রয়ে গেছে। জেলা মৎস্য অফিস, চিংড়িচাষি ও ভুক্তভোগী মানুষের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেল।
দাকোপের অধিকাংশ মানুষই লোনা পানির চিংড়ি চাষের বিপক্ষে। উপজেলা কৃষক সমিতির সভাপতি সত্যজিৎ হালদার বললেন, ‘কিছু ক্ষমতাশালী লোকের কারণে আমরা চরম কষ্টের মধ্যে আছি।’ তাঁর মতে, লোনা পানির প্রভাব শুধু ধানে নয়, গাছপালারও ক্ষতি হচ্ছে। ঘাস কমে যাওয়ায় গবাদি পশুগুলো সংকটে আছে।
মৎস্য অফিসের হিসাবে, খুলনার বিভিন্ন উপজেলায় মোট ৩৫ হাজার হেক্টর জমিতে লোনা পানির ও ১৪ হাজার হেক্টর জমিতে মিষ্টি পানির চিংড়ি চাষ হয়। তবে কৃষকদের দাবি মতে, প্রকৃত সংখ্যাটা এর চেয়ে বেশি হবে। আর ওই সব ঘের থেকে ২১ হাজার মেট্রিক টন চিংড়ি প্রতিবছর রপ্তানি হচ্ছে বিদেশে।
জেলা মৎস্য বিভাগ অবশ্য পাইকগাছা-কয়রা ও দাকোপের বড় বড় ঘেরমালিকের উদ্দেশে বলেছে, হাজার হাজার বিঘা জমিতে লোনা পানি না ঢুকিয়ে অল্প জমিতে আধুনিক পদ্ধতিতে চাষ করতে। জেলা মৎস্য কর্মকর্তা প্রফুল্ল কুমার সরকার প্রথম আলোকে বলেন, ‘সনাতন পদ্ধতি’তে হেক্টরে মাত্র ৩০০ মেট্রিক টন বাগদা উৎপন্ন হয়। আর ‘আধুনিক পদ্ধতি’তে হেক্টরপ্রতি পাঁচ হাজার মেট্রিক টন উৎপন্ন হয়। তবে আধুনিক পদ্ধতিতে চাষের খরচ বেশি।
এ ছাড়া আছে ভাইরাসের সমস্যাও। কয়েকজন চিংড়িচাষি সার্বিক বিষয়ে সরকারি উদ্যোগে চাষিদের প্রশিক্ষণ দেওয়ার ওপর জোর দিলেন। কিন্তু জেলা মৎস্য কর্মকর্তা স্বীকার করলেন, প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে তাঁদের কোনো উদ্যোগ নেই। তবে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে।