হতাহত শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার দাবি

নিহত শ্রমিকদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয়েছিল দিনের কর্মসূচি। পরে বিক্ষোভ মিছিল, প্রতীকী অনশন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সব কর্মসূচিতেই তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে হতাহত ব্যক্তিদের ন্যায্য ক্ষতিপূরণ এবং ওই কারখানার মালিক দেলোয়ার হোসেনের শাস্তির দাবি জানানো হয়।
আশুলিয়ার পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের দুই বছর পূর্ণ হওয়ার দিনে গতকাল সোমবার এ দাবি জানালেন শ্রমিকনেতারা ও আহত শ্রমিকেরা।
সকালে জুরাইন কবরস্থানে তাজরীনের নিহত শ্রমিকদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বজন, সহকর্মী এবং বিভিন্ন সংগঠন। এসব সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), জাতীয় গার্মেন্ট শ্রমিক কর্মচারী লীগ, শ্রমিক নিরাপত্তা ফোরাম (এসএনএফ), জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন প্রভৃতি।
জাতীয় প্রেসক্লাবের উল্টো পাশে বেলা সাড়ে ১১টায় প্রতীকী অনশন পালন করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। এতে তাজরীনের বেশ কয়েকজন শ্রমিক উপস্থিত ছিলেন। এ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য দেন সাংসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন, স্কপের সমন্বয়কারী রাজেকুজ্জামান রতন, ফেডারেশনের সভাপতি আমিরুল হক প্রমুখ।
একই সময়ে গুলশানে ওয়ালমার্ট ঢাকা কার্যালয়ের সামনে মানববন্ধন করে তাজরীন ফ্যাশনস ফায়ার অ্যাকসিডেন্ট ভিকটিমস রাইটস নেটওয়ার্ক। কর্মসূচি থেকে ন্যায্য ক্ষতিপূরণ, আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হয়। পরে এসব দাবিসংবলিত স্মারকলিপি ওয়ালমার্ট কার্যালয়ে দেওয়া হয়।