হতাহতদের উদ্ধারের পর ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র তিন দিন পরই চাকরি থেকে অবসরে যাওয়ার কথা ছিল মো. আবদুর রাজ্জাক মোল্লার। চাকরির মেয়াদ আরও তিন বছর থাকলেও অসুস্থতার কারণে আগাম অবসরে যাওয়ার আবেদন করেন তিনি। আবেদনও মঞ্জুর হয়। তবে চাকরি থেকে বিদায় নেওয়ার আগে পৃথিবী ছেড়েই চলে গেলেন তিনি।

গতকাল শুক্রবার রাতে ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি সড়ক দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের উদ্ধারের পর ব্যারাকে ফিরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান আবদুর রাজ্জাক মোল্লা (৫৭)। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের বাসিন্দা। মধুখালী ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন তিনি।

ফরিদপুর ফায়ার সার্ভিস বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. সাইফুজ্জামান বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে রায়পুর ইউনিয়নের কাজীর রাস্তা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় এক পরিবারের চারজনসহ মোট ছয়জন নিহত হন। এ দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের উদ্ধারে অংশ নেন রাজ্জাক মোল্লা। তাঁদের উদ্ধারের পর মধুখালী কার্যালয়ের ব্যারাকে ফিরে যান সবাই। আজ শনিবার ভোররাত চারটার দিকে রাজ্জাক মোল্লা হৃদ্‌রোগে আক্রান্ত হন। মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা সাব্বির আহসান বলেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ফায়ার সার্ভিসের ওই কর্মী।