
সড়ক দুর্ঘটনায় তিন ছাত্রী নিহত হওয়ার ঘটনায় রাজশাহী কলেজের শিক্ষার্থীরা গতকাল সোমবার বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন।
কলেজের সামনের সড়কে বিক্ষোভ চলাকালে কয়েকজন শিক্ষার্থী যানবাহন ভাঙচুরের চেষ্টা চলান। এ সময় পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পরে লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এর আগে বিক্ষোভ সমাবেশ থেকে হতাহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ প্রদান এবং যাতায়াতের জন্য নিজস্ব বাস দাবি করেছেন তাঁরা।
কলেজ সূত্র, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা কলেজের সামনের সড়ক অবরোধ করেন। তাঁরা অভিযোগ করেন, কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ভাড়া করা সাতটি বাসই লক্কড়ঝক্কড় অবস্থায় রয়েছে। কোনোটিরই ফিটনেস নেই। বাসের চলকদেরও ড্রাইভিং লাইসেন্স নেই। মাঝেমধ্যেই বাসগুলো দুর্ঘটনার শিকার হয়।
পুলিশ সূত্র জানায়, শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে সদর হাসপাতালের মোড় থেকে সাহেববাজারের জামাল সুপারমার্কেট পর্যন্ত সড়কে অটোরিকশা, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন ভাঙচুরের চেষ্টা চালানো হয়। এ সময় পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নূর হোসেন বলেন, দুপুরে শিক্ষার্থীদের একটি অংশ বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে সাহেববাজার জিরোপয়েন্টে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। তারা গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর পুলিশ রাজশাহী কলেজের সামনে অবস্থানকারী শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে কলেজ কর্তৃপক্ষের পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল সব বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। চার দিনের শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনে কলেজে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন।

গত রোববার রাজশাহীর কাটাখালীতে মুখোমুখি সংঘর্ষের পর রাজশাহী কলেজের ছাত্রী বহনকারী বাস উল্টে যায়। দুর্ঘটনায় নিহত হন তিন ছাত্রী। আহত ১৪ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে রোববার বিকেলে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দুর্ঘটনায় আহত ছাত্রীরা বলছেন, ওই দিন নতুন এক চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের জান্নাতুল ফেরদৌস দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, তিনি নিয়মিত এই গাড়িতে যাতায়াত করেন। সেদিন শুরু থেকেই বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন নতুন এক চালক। তালাইমারী এলাকায় একটি গাড়ির সঙ্গে লাগতে গিয়ে তাঁরা বেঁচে যান। এর কয়েক মিনিট পরই কাটাখালীতে গিয়ে দুর্ঘটনা ঘটে। আহত অন্য ছাত্রীরাও বলেছেন, সেদিন যিনি গাড়ি চালাচ্ছিলেন, তিনি নতুন চালক ছিলেন।
কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, টাকা দিয়ে গাড়ি ভাড়া করা হয়। গাড়ির মালিকই চালক ঠিক করে দেন। আবদুর রাজ্জাক নামের এক চালক গাড়ি চালাচ্ছিলেন বলে জানতে পেরেছি।
এখনো একজন অচেতন: হাসপাতালে এখনো জ্ঞান ফেরিনি ছাত্রী ঈশার। তাঁর বাড়ি রাজশাহীর চারঘাটের শলুয়ায়।
ঈশার মা সালমা খাতুন জানান, মেয়ে ঈশা গাড়িতে ওঠার সময় তাঁকে ফোন দিয়ে উঠেছিল। কিছুক্ষণ পরেই আবার তিনি মেয়ের ফোন পান। মেয়ে বলে, মা কাটাখালীতে এসে আমি মরে যাচ্ছি। সালমা খাতুন বলেন, মেয়ের এই ফোন পেয়ে তিনি কাটাখালীতে এসে দেখেন একটি দোকানে তাঁর মেয়েকে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। তাঁর শরীরের কোথাও জখম হয়নি। তাঁকে দেখে মেয়ে শুধু একবার বলেছে, ‘মানুষ মরে যাচ্ছে, আমি দেখেছি, মা।’