হতাহতদের ক্ষতিপূরণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের তিন বছর পূর্তিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, নিহত শ্রমিকদের কবর জিয়ারতসহ নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার মালিক দেলোয়ার হোসেনসহ জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। হতাহত ব্যক্তিদের পরিবারকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা করারও দাবি জানানো হয়েছে।
দিনটি উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে একাধিক সংগঠন পৃথক মানববন্ধন করে। এর মধ্যে রয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), শ্রমিক নিরাপত্তা ফোরাম (এসএনএফ), গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল, গার্মেন্টস শ্রমিক ও শিল্পরক্ষা জাতীয় মঞ্চ।
সাভার প্রতিনিধি জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডের তিন বছর পূর্তিতে গতকাল তাজরীন ফ্যাশনসের সামনে তাজরীন ও রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন তাজরীন ফ্যাশনসের সামনে নিহত ও আহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘আমাদের রাষ্ট্র শ্রমিকবান্ধব নয়, মালিকবান্ধব। ফলে শ্রমিকদের স্বার্থ দেখার কেউ নেই। যে মালিক ও কর্তৃপক্ষ এ ধরনের দুর্ঘটনার জন্য দায়ী, তাঁদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এমন দুর্ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।’
‘ক্ষতিপূরণ চাই না, আগে কর্মস্থল নিরাপদ হোক’, ‘হাজার লাশ কান্না করে, দেলোয়ারের বিচার হবে কবে’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে শ্রমিকেরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা তাজরীন ফ্যাশনসের কারখানায় অগ্নিকাণ্ডে আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি কর্মস্থলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জোর দাবি জানান। তাঁরা বলেন, মালিকের অব্যবস্থাপনার কারণে ১১১টি তাজা প্রাণ পুড়ে অঙ্গার হয়ে গেছে। অনেকে ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম।
তাজরীন ফ্যাশনসের সামনে আয়োজিত সমাবেশে বলা হয়, তাজরীনের মালিক দেলোয়ার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু তাঁর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে আহত শ্রমিকদের দেওয়া হচ্ছে না। ক্ষতিপূরণের নামে যে সহায়তা দেওয়া হচ্ছে, সেটি আসলে লোক ঠকানোর প্রক্রিয়া।
সেখানে পৃথক সমাবেশে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশারেফা মিশু, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
সকালে রাজধানীর জুরাইন কবরস্থানে এসএনএফ ও জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন স্কপের আহ্বায়ক হামিদা হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, এসএনএফের যুগ্ম সমন্বয়কারী শাহ মোহাম্মদ আবু জাফর প্রমুখ।