উড়ালসড়কের গার্ডার ধসে নিহত ও আহত ব্যক্তিদের এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) পরিচালনা বোর্ডের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার চউকের এক বোর্ড সভায় সদস্যরা এ দাবি জানান।গত ২৪ নভেম্বর বহদ্দারহাটে উড়ালসড়কের গার্ডার ধসে ১২ জন নিহত এবং আরও অন্তত ২০ জন আহত হয়। হতাহত ব্যক্তিদের জন্য ইতিমধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নিহত প্রত্যেকের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুই লাখ টাকা, চউক চেয়ারম্যান আবদুচ ছালামের ব্যবসাপ্রতিষ্ঠান ওয়েল গ্রুপ থেকে দুই লাখ টাকা, উড়ালসড়কের নির্মাণপ্রতিষ্ঠান মীর আখতার-পারিসা থেকে দুই লাখ টাকা এবং চউক থেকে দুই লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে হিসেবে নিহত প্রত্যেকের পরিবার আট লাখ টাকা পাওয়ার কথা। এ ছাড়া এসব প্রতিষ্ঠান থেকে অঙ্গহানি হওয়া প্রত্যেককে এক লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়।চউকের সদস্য ইউনুস গণি চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা বলেছি, আগামী এক সপ্তাহের মধ্যেই এসব টাকা ক্ষতিগ্রস্তদের বুঝিয়ে দেওয়া হোক। এতে তাদের মনের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে আমরা মনে করি।’চউকের চেয়ারম্যান আবদুচ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, চউকের সদস্য জহিরুল আলম দোভাষ, মাহতাব উদ্দিন চৌধুরী, ইউনুস গণি চৌধুরী, বাহারউদ্দিন খালেক শাহাজী, মফিজুর রহমান ও ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হাসান।