হতাহতদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন তাঁদের স্বজনেরা।

আজ সোমবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি হয়।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য  দেন।

বক্তারা বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১৫ জন নিহত ও দেড় শতাধিক শ্রমিক আহত হয়। এ সময় নিহত ব্যক্তিদের স্বজন ও আহত শ্রমিকেরা সরকার, বিজিএমইএ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জরুরি সহায়তা পেলেও আজ পর্যন্ত তাঁদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

বক্তারা বলেন, রানা প্লাজার বড় দুর্ঘটনার কারণে তাজরীনের অগ্নিকাণ্ডে নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণের বিষয়টি অনেক পিছিয়ে গেছে। অন্যদিকে রানা প্লাজার ২৮টি বায়ারের মধ্যে ১০টি বায়ার ইতিমধ্যে ক্ষতিপূরণ দিতে রাজি হলেও তাজরীনের ১৪টি বায়ারের কেউ এখন পর্যন্ত ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি। হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে ১৪টি বায়ারসহ সংশ্লিষ্টদের আহ্বান জানান তাঁরা।

মানববন্ধনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফা আক্তার, কেন্দ্রীয় নেতা নুরুন্নাহার, ফারুক খান প্রমুখ বক্তব্য দেন।