হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ‘৫ মে রাতে হতাহত ব্যক্তিদের তালিকা আমাদের হাতে রয়েছে। লাশের বস্তা ও কঙ্কাল পাওয়া কিসের আলামত? সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করলে ওই কমিটির হাতেই শর্ত সাপেক্ষে আমরা শহীদদের তালিকা প্রদান করব।’ গতকাল শুক্রবার বাদ আসর হাটহাজারী দারুল উলুম মাদ্রাসায় আয়োজিত দোয়া দিবসের অনুষ্ঠানে আল্লামা শাহ আহমদ শফী এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় নেতা শামসুল আলম, মাওলানা ফোরকান, মহিউদ্দিন রুহী, আহম্মদ দিদার, আনাছ মাদানী, মীর ইদরীস, নাসির উদ্দীন মুনির, মুজাম্মেল হক, জাফর আহম্মদ প্রমুখ।হেফাজতে ইসলামের আমির আল্লামা শফী তাঁর বক্তব্যে আরও বলেন, ‘হেফাজতে ইসলাম শান্তিশৃঙ্খলা বজায় রাখা, ব্যাপক রক্তপাত ও হতাহতের ঘটনায় দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ চিন্তা করে ঘটনার পর অত্যন্ত দায়িত্বশীল আচরণ করে। হরতাল আহ্বান করেও তা প্রত্যাহার করে নেয়। এখনো আমরা বড় কোনো আন্দোলন কর্মসূচি দিইনি। ধর্মপ্রাণ মানুষ ধৈর্য ধারণ করছে। আমরা আল্লাহর দরবারে দোয়া-মোনাজাতের মধ্যেই আমাদের কর্মসূচি সীমাবদ্ধ রেখেছি। আল্লাহ তাআলার কাছে বিচারের ভার অর্পণ করেছি।’ হেফাজতের আমির বলেন, ‘যে ইসলামকে বুকে ধারণ করে, কোরআন ও রাসুলের ইজ্জতকে রক্ষার জন্য আমরা ১৩ দফা আন্দোলনে নেমেছি, সেই ইমানি আন্দোলনকারীদের বিরুদ্ধে কোরআন পোড়ানোর মতো অপবাদ দিতেও এই সরকারের মন্ত্রী-এমপিরা একটুও দ্বিধা করেনি। যারা কোরআনের সম্মান রক্ষায় জীবন দিতে পারে, তারা কোরআন পোড়াবে—এমন কথা এ দেশের ইমানদার একটি মানুষের কাছেও গ্রহণযোগ্য হবে না। ’ শাপলা চত্বরের সব তথ্য প্রমাণ সংরক্ষিত আছেরাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ৫ মে মধ্যরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সব তথ্য-প্রমাণ সংরক্ষিত আছে বলে দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এর ভিত্তিতে ভবিষ্যতে ‘গণহত্যার নায়কদের মুখোশ উন্মোচন করে বিচারের মুখোমুখি করা হবে’ বলেও হুমকি দিয়েছে সংগঠনটি। গতকাল শুক্রবার জুমার নামাজের পর ঢাকার লালবাগ মাদ্রাসায় হেফাজত আয়োজিত দোয়া মাহফিল-পরবর্তী আলোচনা সভায় সংগঠনের ঢাকা মহানগর কমিটির নেতারা এ হুমকি দেন। তাঁরা বলেন, মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের টুঁটি চেপে ধরে ৫ মে গণহত্যার তথ্য-প্রমাণ গায়েব করা যাবে না।