হতাহতদের পরিবারকে অর্থ-সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শিক্ষাসফরের বাস উল্টে নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষে ওই চেক বিতরণ করা হয়। প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকেও নগদ টাকা দেওয়া হয়।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় যশোর সার্কিট হাউস মিলনায়তনে শোকাহত পরিবারের স্বজনদের হাতে অনুদানের চেক ও নগদ টাকা তুলে দেন। প্রধানমন্ত্রী তাঁর ত্রাণ তহবিল থেকে এই অর্থ দিয়েছেন।
অনুষ্ঠানে নিহত সাত শিশুর প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে, আর আহত ১১ শিশুর প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। ওই দুর্ঘটনায় আহত অপর দুই শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ দুই শিশুর অনুদানের চেক পরে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি যশোর জেলা শাখার উদ্যোগে নিহত শিক্ষার্থীদের প্রত্যেক পরিবারকে নগদ ৭১ হাজার টাকা করে দেওয়া হয়।
জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রমুখ।