হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিচ্ছে না ওয়ালমার্ট ও সিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে পোশাক কারখানা তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়ার কোনো পরিকল্পনা নেই ওয়াল-মার্ট ও সিয়ার্সের। ১৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের ব্লুমবার্গ পত্রিকার খবরে এ কথা বলা হয়েছে।২০১২ সালের ২৬ নভেম্বর তাজরীনের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১২০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে; আহত হয় অনেকে। হতাহত ব্যক্তিদের বেশির ভাগই পোশাককর্মী। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওয়াল-মার্ট ও সিয়ার্সের জন্য ওই কারখানায় পোশাক তৈরি করা হতো। ব্লুমবার্গ-এর প্রকাশিত খবরে বলা হয়, ১৫ এপ্রিল তাজরীনের অগ্নিকাণ্ডে হতাহত ব্যক্তিদের পরিবারগুলোকে স্বেচ্ছায় ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে আলোচনার জন্য সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক ক্রেতাদের একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকে অন্যান্য আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ওয়াল-মার্ট ও সিয়ার্সকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তারা ওই আমন্ত্রণ অবজ্ঞা করে। ব্লুমবার্গ-এর সাংবাদিক রিনি ডুডলেকে সিয়ার্স জানিয়েছে, তারা ওই বৈঠকে যেতে অস্বীকৃতি জানিয়েছে। আর ওয়াল-মার্ট এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নয়। ব্লুমবার্গ-এর খবরে বলা হয়েছে, আইনিভাবে এই প্রতিষ্ঠান দুটি ওই কর্মীদের নিয়োগ দেয়নি। তাই তারা তাঁদের ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়।তবে কারখানাসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, প্রতিষ্ঠান দুটির জন্য যাঁরা কাজ করেছেন, তাঁদের অবস্থার উন্নয়নে প্রতিষ্ঠান দুটি যে প্রতিশ্রুতিবদ্ধ, এটা প্রদর্শন করা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির পরিচালক কল্পনা আক্তার বলেন, ‘ওই বৈঠকে অংশ নেওয়া পশ্চিমা প্রতিষ্ঠানগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি তারা না যায়, তবে তারা এই বার্তাই দিচ্ছে যে তারা এই মৃত্যুফাঁদগুলোকে সমর্থন করছে এবং এই পোশাক তৈরির জন্য কত জীবন চলে যাচ্ছে, তার প্রতি তাদের কোনো গ্রাহ্য নেই।’ সূত্র: বিজনেসইনসাইডার ডটকম।