হতাহতদের পরিবারকে সহায়তা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে মাছ শিকার কিংবা মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে হতাহত হয়েছেন সাতক্ষীরার শ্যামনগরের এমন আট ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। স্থানীয় উপজেলা মিলনায়তনে বন বিভাগ ও একটি বেসরকারি সংস্থার উদ্যোগে গতকাল শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের চেক হস্তান্তর করা হয়।শ্যামনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দৌলতুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা অঞ্চলের বন সংরক্ষক আকবর হোসেন ছাড়াও বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম আবদুল বারী, রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলাম, কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম রেজাউল করিম, বাঘের আক্রমণে আহত ফজলুল হক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম। অনুষ্ঠানে মরগাং গ্রামের নিহত মৌয়াল সাইফুল ইসলাম গাজী, গাবুরা গ্রামের নিহত জেলে মো. আলম গাজী ও যতীন্দ্রনগর গ্রামের নিহত বনজীবী কওছার মোড়ল—প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকার চেক দেওয়া হয়। এ ছাড়া হরিনগর গ্রামের আহত ফজলুল হক, মো. হাফিজুর রহমান গাজী, আবদুল গনি, বনপ্রহরী মো. আমজাদ হোসেন ও নৌকাচালক মো. সেলিম—প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়। গত ১০ বছরে সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে ১৯৭ জন নিহত ও ৩২ জন আহত হন। তবে জেলায় এই প্রথম কিছু ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হলো।