হতাহতদের পরিবারে ভীষণ কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয় লাখ টাকা খরচ করেও সুস্থ হতে পারেননি আহত ইউনুস আলী l প্রথম আলো
নয় লাখ টাকা খরচ করেও সুস্থ হতে পারেননি আহত ইউনুস আলী l প্রথম আলো

দুর্ঘটনার সময় সাবিনা ইসলাম তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দুর্ঘটনায় সঙ্গে থাকা একমাত্র মেয়ে সেবা ইসলাম (৫) ও ছোট ভাই মশিউর রহমানের মৃত্যু হয়। মাথায়, বুকে ও কোমরে গুরুতর আঘাত পেয়ে অচেতন ছিলেন প্রায় এক মাস। বগুড়া ও ঢাকার সামরিক হাসপাতালে নিবিড় পরিচর্যায় তিনি চিকিৎসা নেন। তবে মানসিক ভারসাম্য হারিয়ে সব সময় ওপরের দিকে চেয়ে থাকেন। চলাফেরাতেও নানান প্রতিবন্ধকতা। চিকিৎসা চলাকালে গর্ভের সন্তান জন্ম নেয়। তার নাম রাখা হয়েছে সেফা ইসলাম। বয়স চার মাস। দুর্ঘটনার আঘাতের চিহ্ন তার শরীরেও। জন্ম থেকেই তার এক পা ছোট অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী। সরকারি খরচে সাবিনার চিকিৎসা হলেও ওষুধ কিনতে এ পর্যন্ত সংসার থেকে ব্যয় হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা। মা ও মেয়ের জীবন নিয়ে এখনো শঙ্কায় রয়েছে তাদের পরিবার।
গত বছর ২০ অক্টোবর নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বনপাড়া-হাটিকুমরুল সড়কের রেজীর মোড়ে রাজশাহীগামী কেয়া পরিবহনের একটি বাসের সঙ্গে নাটোর থেকে গুরুদাসপুরগামী অথৈ পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ৩৭ জন নিহত এবং ৪৩ জন আহত হন। ভয়াবহ এ দুর্ঘটনার এক বছর পূর্তিতে নিজের কষ্টের কথা প্রথম আলোর কাছে এভাবে তুলে ধরেছেন সাবিনা ইসলামের স্বামী সাইফুল ইসলাম। তাঁদের মতো টুকরো টুকরো কষ্টের গল্প লুকিয়ে আছে হতাহতদের প্রত্যেকের পরিবারে।
সংসার ছাড়া জাকিয়া বেগম: বাবার বাড়ি থেকে স্বামী জামাল উদ্দিন ও পাঁচ বছরের মেয়ে জান্নাতুল ফেরদৌসকে নিয়ে অথৈ পরিবহনের বাসে নিজের বাড়ি ফিরছিলেন জাকিয়া বেগম। দুর্ঘটনায় পাশের আসন থেকে পরপারে ছিটকে পড়ে স্বামী-সন্তান। অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গর্ভের দেড় মাসের সন্তানকে নিয়ে স্বামীর সংসারে ফিরে আসেন। কয়েক মাস আগে কোলজুড়ে এসেছে পরের মেয়ে। নাম রেখেছেন জান্নাতুল মাওয়া। জাকিয়া বেগম জানান, স্বামী-সন্তান হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন। স্বামীর স্মৃতি হিসেবে অপর মেয়ে কিছুটা স্বস্তি দিয়েছে। তবে তাকে কীভাবে মানুষ করবেন, তা নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তা লেগেই থাকে। বাবা-মায়ের সহযোগিতা নেওয়ার জন্য সংসার ছেড়ে বাবা-মায়ের সংসারে এসেছেন। তবে মনটা পড়ে থাকে স্বামীর সংসারে।
অনুদানের চেক পেলেও টাকা পায়নি তিন পরিবার: গুরুদাসপুরের সিধুলী গ্রামের লোকমান শেখের ছেলে আজাদ আলী শেখ দুর্ঘটনায় মারা যান। দুর্ঘটনার দুই দিনের মাথায় সরকারের

এই প্রতিবন্ধী শিশুর জন্ম দেন আহত সাবিনা ইসলাম l প্রথম আলো
এই প্রতিবন্ধী শিশুর জন্ম দেন আহত সাবিনা ইসলাম l প্রথম আলো

অনুদান হিসেবে বাবার নামে ৫০ হাজার টাকার চেক আসে। কিন্তু নিহত ব্যক্তিদের তালিকায় আজাদ আলী শেখের পিতা ‘মৃত’ হিসেবে উল্লেখ থাকায় তিনি ওই টাকা ওঠাতে পারেননি। একই ধরনের সমস্যা হয়েছে গুরুদাসপুরের সোনাবাজু গ্রামের নিহত হানিফ শেখের বাবা নওশের আলীর ক্ষেত্রে। তাঁকেও ওই তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে। তিনিও সরকারের দেওয়া এক লাখ টাকার চেক দিয়ে টাকা ওঠাতে পারেননি। গুরুদাসপুরের সিধুলী গ্রামের নিহত শরিফ সরকারের মৃত বাবা বলাই সরকারের নামে ৫০ হাজার টাকার চেক এলেও তিনি বেঁচে থাকায় ওই চেক থেকে টাকা ওঠাতে পারেননি। এক বছরেও এ সমস্যার সমাধান হয়নি। এ ব্যাপারে নাটোরের জেলা প্রশাসক জানান, বিষয়টি সমাধানের জন্য তাঁরা কাজ করছেন।
নয় লাখ টাকা খরচ করেও ইউনুছ আলী সুস্থ হতে পারেননি: দুর্ঘটনায় গুরুদাসপুরের সিধুলী গ্রামের আমজাদ আলীর ছেলে ইউনুছ আলীর মেরুদণ্ড ভেঙে গেছে। ঢাকার স্কয়ার হাসপাতাল ও ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নিতে এ পর্যন্ত নয় লাখ টাকা ব্যয় করেছেন। কিন্তু এখনো সুস্থ হতে পারেননি। বিছানায় শুয়ে, আর হুইলচেয়ারে বসে সময় কাটাতে হয়। একমাত্র ছেলে রাজু এবার এসএসসি পরীক্ষা দেবে। তার দিকে নজর দিতে পারেননি। এই আক্ষেপ প্রকাশ করে ইউনুছ আলী বলেন, দুর্ঘটনায় তাঁর সংসার তছনছ হয়ে গেছে। জীবন হয়ে উঠেছে দুঃসহ। সহায়-সম্পত্তি বিক্রি করে চিকিৎসা নেওয়ার কষ্ট তিনি ভুলতে পারছেন না। এরপরও সুস্থ হয়ে উঠলে দুঃখ থাকত না বলে তিনি জানান।
বাবুলের কণ্ঠ পরিবর্তন: চেনা মানুষেরাও এখন বাবুলের কণ্ঠ বুঝতে পারেন না। দুর্ঘটনায় তাঁর মানসিক ও শারীরিক সমস্যা হয়েছে। দীর্ঘদিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে উঠলেও তাঁর কণ্ঠ পরিবর্তন হয়ে গেছে। তিনি এখন মেয়েলি কণ্ঠে কথা বলেন। বাবুল হোসেন গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের আফজাল হোসেনের ছেলে।
আমিরুলের নাম আহত ব্যক্তিদের তালিকায় ওঠেনি: বড়াইগ্রামের বাজিতপুরের আনছার আলীর ছেলে আমিরুল ইসলাম। অথৈ পরিবহনের বাসে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় বাঁ কাঁধের হাড় ভেঙে যায়। এ সময় সঙ্গে থাকা চাচা কিসমত আলী ও চাচাতো ভাই আয়নাল মারা যান। সহায়সম্বল সব বিক্রি করে চিকিৎসা করেও তাঁর কাঁধের সমস্যা সারেনি। কাজকর্ম কিছুই করতে পারেন না। আমিরুলের স্ত্রী খাদিজা বেগম জানান, যন্ত্রণায় তাঁর স্বামী সারাক্ষণ শুয়ে-বসে কাটান। অভাবের সংসারে দুমুঠো খাবারও জোটে না। অন্য হতাহত ব্যক্তিরা সরকারি অনুদান পেলেও তাঁর স্বামী কিছুই পাননি। কারণ হিসেবে জানানো হয়েছে, তাঁর নাম আহত ব্যক্তিদের সরকারি তালিকায় ওঠেনি।
বড়াইগ্রামের ইউএনও রুহুল আমীন জানান, দুর্ঘটনার পরপরই হতাহত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা হয়। নতুন করে কোনো তালিকা না হওয়ায় তিনি সুযোগসুবিধা পাননি। তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।
তাদের দেখার কেউ নেই: গুরুদাসপুরের সিধুলী গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে কহির উদ্দিন (৩৫), সোহরাব হোসেন (৪৫), রাব্বেল আলী (৫৫), আতাহার আলী (৬২), রায়হান আলী (৩২) ও ছহির উদ্দিন (২৫) দুর্ঘটনায় নিহত হন। আহত হয়ে শুধু বেঁচে আছেন অপর ভাই আবদুর রহমান। তাঁর কোমর ভেঙে গেছে। তিনি কাজকর্ম করতে পারেন না। আবদুর রহমান জানান, তাঁদের কারও জায়গাজমি নেই। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে সংসারের কাজে লাগিয়েছিলেন। ভাইয়েরা মারা যাওয়ায় সেসব ঋণ পরিশোধ করা সম্ভব হয়নি। এ জন্য প্রতিটি পরিবার চরম অর্থকষ্টে রয়েছে। তাঁরা কেউ কাউকে সহযোগিতা করতে পারছেন না। ছেলেমেয়েরা সংসারের ভার কাঁধে নিলেও তাতে দুমুঠো ভাত জোগাড় করা ছাড়া অন্য কাজে অর্থ ব্যয় করা সম্ভব হচ্ছে না।