হতাহতদের পরিবারের কাছে ১৪ লাখ টাকার চেক হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে ১৯৯৯ সালের ৬ মার্চ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় সম্মেলনে বোমা হামলায় আহত ও নিহত হওয়া ১১ ব্যক্তির পরিবারের কাছে সরকারি উদ্যোগে ১৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। উদীচী যশোর জেলা সংসদের সত্যেন সেন-মঞ্চে গতকাল সোমবার এসব চেক হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ ও পুনর্বাসন তহবিল থেকে বরাদ্দ দেওয়া ওই অর্থের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন যশোর-৩ আসনের (যশোর সদর) সাংসদ খালেদুর রহমান। বোমা হামলায় নিহত নূর ইসলাম, তপন ও বাবুল সূত্রধরের পরিবারকে দুই লাখ করে মোট ছয় লাখ এবং আহত সুকান্ত দাস, হরেন্দ্রনাথ অধিকারী, মো. নাহিদ, সমীর কুমার সরকার, মো. সেকেন্দার, মোনওয়ার হোসেন, লিয়াকত আলী ও হারুন-অর-রশীদকে এক লাখ করে মোট আট লাখ টাকার চেক দেওয়া হয়। আহত সুকান্ত দাস এ প্রতিবেদককে জানান, ওই ঘটনায় তাঁর মতো যাঁদের পা কাটা পড়েছে, তাঁরা অসহায় জীবন যাপন করছেন। তিনি বলেন, ঢাকার সিএমএইচ হাসপাতাল (সামরিক বাহিনীর) থেকে তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। মাঝেমধ্যে কৃত্রিম পা মেরামত করার জন্য তাঁদের সেখানে যেতে হয়। তাঁরা চান যে সরকারই ক্ষমতায় আসুক, সে সরকার যেন তাঁদের ওই চিকিৎসা-সহযোগিতা অব্যাহত রাখে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী যশোর জেলা সংসদের উপদেষ্টা আবদুস শহীদ। বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক নূরুল আমিন, উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম প্রমুখ।