সাভারে রানা প্লাজার নয়তলা ভবন ধসে ব্যাপক হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে প্রথম আলো, প্রথম আলো ট্রাস্ট ও প্রথম আলো বন্ধুসভা। স্মরণকালের ভয়াবহ এই দুর্ঘটনায় স্বজনহারা মানুষের পাশে দাঁড়ানো, আহত ব্যক্তিদের চিকিৎসা, ত্রাণসহায়তা ও অন্যান্য কাজে প্রথম আলো সাধ্য অনুযায়ী কাজ শুরু করেছে। দুর্ঘটনাস্থলে প্রতিষ্ঠা করা হয়েছে ত্রাণ সমন্বয় কেন্দ্র। গতকাল বৃহস্পতিবার দুর্ঘটনাস্থলে এলবো ক্যাপ, নি ক্যাপ, রিস্ট ক্যাপ, মাস্ক, চশমা, এয়ার ফ্রেশনার, পরার কাপড়, শুকনো খাবার, সাবান, ডেটল বিতরণ করা হয়। প্রথম আলোর ত্রাণ তৎপরতার সঙ্গে যুক্ত হয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। সামিট গ্রুপের সহায়তায় ঘটনাস্থলে জেনারেটর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।দেশের সব শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, শিল্পপতি, ব্যবসায়ী ও প্রবাসী বাঙালিদের কাছে ত্রাণ তৎপরতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে প্রথম আলো ট্রাস্ট।এনাম মেডিকেল কলেজ বন্ধুসভা, সাভার বন্ধুসভা, সাভার সিআরপি বন্ধুসভা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ও ঢাকা বন্ধুসভা গত বুধবার থেকে সাভারে আহত ব্যক্তিদের রক্ত দিচ্ছে। গতকাল বৃহস্পতিবার এনাম মেডিকেল কর্তৃপক্ষের কাছে এক হাজার টিটেনাস ইনজেকশন দেওয়া হয়েছে। গতকাল দুপুরের পর প্রাণ-এর সহায়তায় বন্ধুসভার সদস্যরা সাভারে শুকনো খাবার ও পানি বিতরণ করেন।আজ শুক্রবার প্রথম আলো, প্রথম আলো ট্রাস্ট ও বন্ধুসভা সাভারে ত্রাণকাজে সহায়তা দেবে।