হতাহতের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন গঠনের আহ্বান এইচআরডব্লিউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ৫ ও ৬ মে হেফাজতে ইসলামের বিক্ষোভের সময় সহিংসতায় হতাহতের ঘটনা তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গত শুক্রবার সংস্থাটির এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর গত ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলে পাল্টাপাল্টি বিক্ষোভ ও সহিংসতায় হতাহতের ঘটনাও এই কমিশন দিয়ে তদন্ত করানো উচিত বলে জানিয়েছে এইচআরডব্লিউ।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ৫ ও ৬ মে হেফাজতের কর্মসূচির সময় ঠিক কত মানুষ নিহত হয়েছে, তা পরিষ্কার নয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ১১ জন। হেফাজতের দাবি অনুযায়ী হাজার হাজার। তবে গণমাধ্যমের খবর অনুযায়ী এই সংখ্যা অর্ধশতের মতো।

এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, ‘বাংলাদেশে সাধারণ নির্বাচন আসন্ন। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আরও রায় দেওয়া হবে। তখন আরও ব্যাপক বিক্ষোভ হবে। এসব ঘটনার স্বাধীন তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করতে না পারলে ধারাবাহিক রক্তক্ষয়ের ঘটনা ঘটতে পারে।’

একই সঙ্গে সহিংসতার নিন্দা এবং কর্মী-সমর্থকদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলাসহ বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী এবং অরাজনৈতিক দল হেফাজতে ইসলামের প্রতি আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ।