হতাহতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গত সোমবার ঢাকা-মাওয়া মহাসড়কে বিক্ষোভের ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত, সাংবাদিকসহ শতাধিক লোক আহত হওয়ার ঘটনায় বিভিন্ন সংগঠন নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছে।গতকাল মঙ্গলবার মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে বলেছে, প্রতিবাদের সহিংস রূপ তারা সমর্থন করে না। সংগঠনটি মনে করে, বড় উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার আগে সরকারের উচিত স্থানীয় জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া। নির্বাচিত গণতান্ত্রিক সরকার এ ব্যাপারে সতর্ক থাকবে, সেটাই স্বাভাবিক ও সবার প্রত্যাশা। আড়িয়ল বিল রক্ষা কমিটি এক বিবৃতিতে বলেছে, সরকার অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি করে তার দায়ভার আন্দোলনকারী আড়িয়লবাসীর ওপর চাপাচ্ছে। কমিটি মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি ঘটনার তদন্ত ও বিচার দাবি করেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বিবৃতিতে বিক্ষোভে পুলিশ কর্মকর্তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তাঁরা আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণে সরকারের একগুঁয়েমি পরিহার করতে বলেছেন।মানবাধিকার সংগঠন অধিকার আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্তকে গণবিরোধী বলেছে। গণসংহতি আন্দোলন বিমানবন্দর নির্মাণের ঘোষণা প্রত্যাহারের দাবি জানিয়েছে। গণতান্ত্রিক বাম মোর্চা, সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি আড়িয়ল বিলের ঘটনায় নিন্দা জানিয়েছে।সাংবাদিকদের উদ্বেগ: ঢাকা-মাওয়া মহাসড়কে বিক্ষোভের সময় কয়েকজন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।