হতাহতের সংখ্যা সরকারকেই বলতে হবে: আহমদ শফী
হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী বলেছেন, গত ৫ মে দিনভর ও রাতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে অভিযানে হতাহতের সংখ্যা কত, কারা পবিত্র কোরআন পুড়িয়েছে, সড়কের গাছ কেটেছে ও লুটপাট করেছে, তা সরকারকেই বলতে হবে।গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে হেফাজতের আমির এসব দাবি জানান। হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা ও শাপলা চত্বরে অভিযানের এক মাস পরও ঘটনার তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে আহমদ শফী গতকাল এ বিবৃতি দেন। তিনি বলেন, সরকারের আচরণ দেখে মনে হচ্ছে, ৫ মে শাপলা চত্বরে তেমন কিছুই ঘটেনি। আহমদ শফী বলেন, ‘“যারা কোরআনে আগুন দিয়েছে, তাদের কাউকে ছাড়া হবে না। ভিডিও ফুটেজ দেখে একটা একটা করে ধরা হবে”—প্রধানমন্ত্রীর মুখে এ কথা শুনে আমরা আশ্বস্ত হয়েছিলাম। কিন্তু এক মাস পরও ভিডিও ফুটেজ দেখে কেন একজনকেও ধরা হলো না?’বিবৃতিতে বলা হয়, সেই রাতে বুলেটের আঘাতে শহীদ হওয়া আলেম-ওলামার সংখ্যা যা-ই হোক না কেন, সেটা যে গণহত্যা, তাতে কোনো সন্দেহ নেই। পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে রাতে দেড় লাখের বেশি গুলি করেছে, সরকার এর প্রতিবাদ করেনি। এত বড় ঘটনার পর কোনো গণতান্ত্রিক সরকারের নীরব ভূমিকা মানা যায় না।বিবৃতিতে বলা হয়, সরকারের আচরণে মনে হচ্ছে, শাপলা চত্বরের ঘটনার মধ্য দিয়ে সরকার হেফাজতের আন্দোলন দমন করে ফেলেছে এবং হেফাজতের ১৩ দফা দাবিও চাপা পড়ে গেছে। কিন্তু এর দায় ও খেসারত বর্তমান ক্ষমতাসীনদের এখন থেকে যুগ যুগ ধরে বহন করতে হবে।কওমি মাদ্রাসার সমাপনী পরীক্ষা শেষে ওলামায়ে কেরামের মতামত নিয়ে হেফাজতে ইসলাম ইমান, দেশ ও জাতির স্বার্থে জোরালো কর্মসূচি দেবে বলে বিবৃতিতে বলা হয়।এর আগে হেফাজতের কয়েকজন কেন্দ্রীয় নেতা গণমাধ্যমকে বলেছিলেন, শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ‘হতাহত ও নিখোঁজ’ ব্যক্তিদের তালিকা করছে তাঁদের সংগঠন। তবে এখন পর্যন্ত কোনো তালিকা তাঁরা প্রকাশ করেননি। ঘটনার পাঁচ সপ্তাহ পর সংগঠনটির শীর্ষ এই নেতা সরকারকেই হতাহতের তালিকা প্রকাশ করতে বললেন।