সাবেক শান্তিবাহিনীর সদস্য করুণ চাকমার হত্যাকাণ্ডের পর লংগদুতে আতঙ্ক বিরাজ করছে। এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি বলেছে, সহিংসতা কোনো ব্যক্তি বা দলকে মুক্তি দিতে পারে না। লক্ষ্য অর্জনের পথও হতে পারে না।
গত শনিবার সকালে রাঙামাটির লংগদু উপজেলা সদরে করুণ চাকমাকে গুলি করে হত্যা করা হয়। গতকাল রোববার করুণ চাকমার মরদেহ দাহ করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
গতকাল রোববার পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ানের স্বাক্ষরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর কোন্দলে প্রাণ হারানোর তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কিন্তু এসব হত্যাকাণ্ডের দায়ভার সব পক্ষ অস্বীকার করে চলেছে। সরকার বা প্রশাসনের পক্ষ থেকেও এসব হত্যাকাণ্ড বন্ধের কোনো উদ্যোগ নেই। এদিকে করুণ চাকমার স্ত্রী প্রতিদেবী চাকমা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আমার স্বামী। এখন আমি দুই বছর বয়সী কন্যাকে নিয়ে কী করব, কোথায় যাব?’
লংগদু উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের নেতৃত্বাধীন তিনটি রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতি (এমএন লারমা) সক্রিয় বলে জানা গেছে। পুরো উপজেলায় বিভিন্ন স্থান তিনটি দলের নিয়ন্ত্রণাধীনে।
নাম প্রকাশে অনচ্ছুিক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, এখন অনেকেই রাতে বাড়িতে থাকেন না। অনেকের চলাফেরাও সীমিত হয়ে পড়েছে। সবার মধ্যে আতঙ্ক কখন কোন দল আসে। অনেক সময় অপহূত হলে পরিবার থেকে কাউকে জানানো হয় না। মুক্তিপণের বিনিময়ে অপহূতকে মুক্ত করে আনা হয়। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক বলেন, ‘লংগদু থানায় কেউ কখনো অপহরণ মামলা করেনি। এ বছরের ১২ মার্চ চারজনকে হত্যার ঘটনায় একটি এবং গত শনিবার করুণ চাকমা হত্যার ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। তবে এ দুটি মামলায় কোনো ব্যক্তি বা দলের নাম উল্লেখ নেই। সে কারণে আমাদের সাক্ষ্যপ্রমাণে কিছু করার থাকে না।’