হত্যা ও অপহরণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে শিশু মাকসুদুল হক মুসল্লি অপহরণ ও হত্যা মামলার রায়ে একজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক উমেঞ্চ কুলসুম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আবদুল আউয়াল মুসল্লি নিহত শিশুর চাচা। তিনি বেলকুচি উপজেলার তামাই গ্রামের মজিদ মুসল্লির ছেলে। তাঁকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ পাওয়া কামাল হোসেন ও সমেজ উদ্দিনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ পাওয়া ওই দুজনকে অপর একটি ধারায় (২০১) আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৮ মে বেলকুচি উপজেলার তামাই গ্রামের তাঁত ব্যবসায়ী ছারোয়ার হোসেন মুসল্লির ছয় বছরের ছেলে মাকসুদুল হক মুসল্লিকে তার কারখানার শ্রমিক কামাল হোসেন অপর দুজনের যোগসাজশে অপহরণ করেন। অপহরণের পর মাকসুদুলকে হত্যা করে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আমতলী ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়। পুলিশ পরের দিন মাকসুদের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় ছারোয়ার হোসেন মুসল্লি বাদী হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা করেন।