হত্যা ও অপহরণের দায়ে দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে গতকাল সোমবার হাসিনা বেগম (৪৫) নামে এক নারীকে হত্যার দায়ে তাঁর সৎছেলে ফারুক সেখকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলে এক শিশুকে অপহরণের দায়ে একই দিন উজ্জ্বল (২০) নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খানের আদালতে দণ্ডাদেশ পাওয়া ফারুক সেখ সদর উপজেলার বাড়ইপাড়া ইউনিয়নের কার্ত্তিকদিয়া গ্রামের প্রয়াত মোকসেদ শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শেখ মোহম্মদ আলী বলেন, পৈতৃক জমি নিয়ে সৎমা হাসিনার সঙ্গে ফারুকের পূর্ববিরোধ ছিল। ২০১৫ সালের ৫ জুলাই বিকেলে হাসিনা বেগম নিজ বাড়ির উঠানে সাংসারিক কাজ করছিলেন। এ সময় ঝগড়ার একপর্যায়ে ফারুক সৎমা হাসিনা বেগমকে কাঠ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে ধাওয়া দিয়ে ফারুককে আটক করে পুলিশে দেন।
এ ঘটনার পরদিন নিহত হাসিনার মেয়ে পায়রা বেগম বাদী হয়ে ফারুকের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় হত্যা মামলা করেন। বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান ওই বছরের ৮ সেপ্টেম্বর ফারুক সেখের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
টাঙ্গাইলে এক শিশুকে অপহরণের দায়ে উজ্জ্বল নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ গতকাল এই রায় দেন।
দণ্ড পাওয়া যুবকের নাম উজ্জ্বল। তিনি কালিহাতী উপজেলার পাইকড়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। রায়ে উজ্জ্বলকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম নাছিমুল আক্তার জানান, উজ্জ্বল ২০১৩ সালের ১৫ এপ্রিল চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করেন। অপহৃত শিশুর মা বাদী হয়ে পরদিন কালিহাতী থানায় মামলা করেন। পরে শিশুটিকে পঞ্চগড় থেকে পুলিশ উদ্ধার করে।
মামলার অপর তিন আসামি দণ্ডিত উজ্জ্বলের বন্ধু ফরহাদ এবং আত্মীয় মরিয়ম ও হাকিম হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।