হত্যা ও নাশকতা মামলার আসামিরা যুবলীগ নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পুড়িয়ে মানুষ হত্যাসহ একাধিক নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগের পরও ঢাকার সাভার পৌরসভার কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা এবং যুবদলের নেতা কবীর হোসেন সরকার স্থানীয় সাংসদ এনামুর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে যুবলীগের নেতৃত্ব পেতে যাচ্ছেন। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার বলেন, মিনহাজ উদ্দিন একসময় যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। তাঁর বাবা আফাজ উদ্দিন মোল্লা ছিলেন রাজাকার। আর কবীর সরকারের বাড়ি গাজীপুরের কাশিমপুরে। তাঁদের গোটা পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এর পরেও দলীয় নেতা-কর্মীদের প্রাধান্য না দিয়ে তাঁদের সাভার ও আশুলিয়ার যুবলীগের নেতা বানানোর চেষ্টা করা হচ্ছে।
সাভার মডেল থানা ও আশুলিয়া থানার একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, এবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই মিনহাজ উদ্দিন মোল্লা ও কবীর সরকার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নানা অপতৎপরতা শুরু করেন। পেট্রলবোমায় গাড়ি পোড়ানোর পাশাপাশি আগুন দিয়ে মানুষ হত্যাসহ নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন তাঁরা।
পুলিশ জানায়, মিনহাজের বিরুদ্ধে ২০১৩ সালের ডিসেম্বর মাসে সাভারের জোড়পোল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ রয়েছে। ওই ঘটনায় বাস থেকে লাফিয়ে পড়ে অগ্নিদগ্ধ দুই যাত্রী মারা যান। এ ছাড়া ওই বছর (২০১৩) গাড়ি ভাঙচুর ও বিস্ফোরণ ঘটানোর অভিযোগে সাভার মডেল থানায় আরও চারটি মামলা দায়ের হয় তাঁর বিরুদ্ধে। এসব মামলায় তিনি কোনো জামিন নেননি বলেও জানা যায়। আর কবীর সরকারের বিরুদ্ধে ২০১৩ সালের অক্টোবর মাসে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় বাসে অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনাসহ একাধিক মামলা রয়েছে আশুলিয়া থানায়। এর মধ্যে দুটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
সাভার উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন মামলার কারণে পুলিশি হয়রানি থেকে বাঁচতে কয়েক মাস আগে মিনহাজ ও কবীর সরকার স্থানীয় সাংসদ এনামুর রহমানের হাত ধরে আওয়ামী লীগের ছায়াতলে আসেন। এর পর থেকে তাঁরা যুবলীগের কর্মী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্থানীয় সাংসদ এনামুর রহমানের সঙ্গে নিজেদের ছবি জুড়ে সাভারের বিভিন্ন এলাকায় বিলবোর্ড টাঙিয়ে দেন। সাংসদের সঙ্গে আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন অনুষ্ঠানেও যান তাঁরা।
দলীয় সূত্র জানায়, মিনহাজ উদ্দিন মোল্লা সম্প্রতি সাভার পৌর যুবলীগের আহ্বায়ক হওয়ার জন্য আবেদন করেছেন। মিনহাজকে ওই পদে আসীন করতে সুপারিশ করেছেন সাংসদ এনামুর রহমান। আর কবীর সরকার সাংসদের সহায়তায় আশুলিয়া থানা যুবলীগের সাধারণ সম্পাদক হওয়ার চেষ্টা করছেন।
সাভার আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা বলেন, যাঁরা কয়েক মাস আগেও খালেদা জিয়া আর সাভারের বিএনপিদলীয় সাবেক সাংসদ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের ছবির সঙ্গে নিজেদের ছবি জুড়ে বিলবোর্ড স্থাপন করেছেন, তাঁরাই এখন সাংসদ এনামের হাত ধরে রাতারাতি আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী হয়ে গেছেন।
সাধারণ সম্পাদক আলী হায়দার বলেন, রাজনীতি নয়, পেশিশক্তির জন্যই যাকেতাকে দলীয় পদ দেওয়া হচ্ছে। এতে বঞ্চিত হচ্ছেন দলের ত্যাগী নেতা-কর্মীরা।
হত্যাসহ নাশকতার ঘটনার সঙ্গে জড়িত থাকার পরেও মিনহাজ ও কবীর সরকারকে যুবলীগের পদ দেওয়া হচ্ছে কি না—জানতে চাইলে সাংসদ এনামুর রহমান বলেন, ‘যুবলীগের পদ দেওয়ার মালিক তো আমি না, এটা দেবে যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তবে তাঁরা চেষ্টা করছেন।’
স্থানীয় সাংসদ হিসেবে আপনার এর বিপক্ষে অবস্থান নেওয়া উচিত ছিল কি না—এমন প্রশ্নের জবাবে এনামুর রহমান বলেন, ‘মিনহাজ আর কবীর সরকার বিএনপির কোনো পদে ছিলেন না। আর তাঁদের নামে যেসব অভিযোগ বা মামলা রয়েছে, তা রাজনৈতিক। রাজনীতি তো একধরনের কৌশলের ব্যাপার আর দলবদল তো আছেই।’