হত্যা করা হবে দেড় হাজার গাছ!
চট্টগ্রামের সীতাকুণ্ডের উত্তর সলিমপুর সমুদ্র উপকূলে নতুন একটি শিপব্রেকিং ইয়ার্ড নির্মাণের জন্য উপকূলীয় বনাঞ্চল উজাড়ের অপচেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতি ও শুক্রবার সবুজ বেষ্টনী এলাকার প্রায় এক কিলোমিটার অংশে খুঁটি পুঁতে সীমানা নির্ধারণ করেছে শিপব্রেকিং ইয়ার্ড নির্মাতা প্রতিষ্ঠানটি। উত্তর সলিমপুরের ওই এলাকায় দুই কিলোমিটার অংশজুড়ে সবুজ বেষ্টনী রয়েছে। এলাকাবাসীর ধারণা, রাতের আঁধারে গাছ কেটে উজাড় করে ফেলা হবে। তাই তারা পাহারা বসিয়েছে। সবুজ বেষ্টনী রক্ষায় ইতিমধ্যে বন বিভাগের পক্ষ থেকে সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এলাকাবাসী অভিযোগ করেছে, গত বুধবার রাতে কয়েক শ গাছ কেটে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে। এ খবর পেয়ে বৃহস্পতিবার রাত থেকে এলাকার লোকজন রাত জেগে পাহারা দিচ্ছে।বন উজাড় করে ইয়ার্ড নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসী। সীতাকুণ্ডের বাসিন্দা ও লেখক সেলিম জাহাঙ্গীর প্রথম আলোকে জানান, সাংগু গ্যাসক্ষেত্রের মাত্র ৫০০ গজের মধ্যে এই শিপব্রেকিং ইয়ার্ড নির্মাণ করা হলে গ্যাসক্ষেত্রটি হুমকির মুখে পড়বে। ঝড়-ঝঞ্ঝা থেকে উপকূলের মানুষকে বাঁচাতে বন বিভাগ ১৯৯১-৯২ সালে এসব গাছ রোপণ করলেও তদারক করতেন মূলত এলাকার লোকজন। তা ছাড়া হাজার হাজার গাছ উজাড় হলে হুমকির মুখে পড়বে উপকূলীয় জনবসতি। এ অঞ্চলের অন্তত সাত কিলোমিটার এলাকার মানুষের জীবন হুমকির মুখে পড়বে উল্লেখ করে তিনি অবিলম্বে ইজারা বাতিলের দাবি জানান।স্থানীয় সলিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপির) চেয়ারম্যান মো. কবির হোসেন জানান, গাছগুলো থাকায় এলাকার লোকজন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাচ্ছে। গাছগুলো রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে।এদিকে গাছ কাটার অভিযোগ অস্বীকার করে আর কে শিপব্রেকিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেকান্দর হোসেন দাবি করেন, বেড়িবাঁধের পূর্ব পাশের জায়গাটি প্রকৃত মালিকদের কাছ থেকে কেনা হয়েছে। আর পশ্চিম পাশের গাছ ছাড়া খালি জায়গাটি ভূমি প্রশাসন থেকে ইজারা নেওয়া হয়েছে। যেহেতু খালি জায়গা ইজারা নেওয়া হয়েছে, তাই সেখানে গাছ কাটার প্রশ্নই ওঠে না।এদিকে উপকূলীয় ম্যানগ্রোভ বনাঞ্চলকে উজাড়ের হাত থেকে বাঁচাতে উত্তর কাট্টলী উপকূলীয় বিট কর্মকর্তা এ কে এম ইউসুফ আলী বাদী হয়ে ২১ মে সীতাকুণ্ড থানায় একটি জিডি করেছেন। জিডিতে তিনিও বন উজাড়ের অপচেষ্টা চলছে বলে উল্লেখ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রউফ জানান, আর কে শিপব্রেকিং ইয়ার্ডের জন্য যে জায়গা ইজারা দেওয়া হয়েছে, সেখানে কোনো গাছ নেই। সরকারি নিয়ম-নীতি মেনেই জমি ইজারা দেওয়া হয়েছে। তবে গাছ কাটা হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।