হত্যা করার কথা স্বীকার করেছেন রাসেল: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ব-বিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী সাওদাকে হত্যার কথা স্বীকার করেছেন একই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র রাসেল মাতুব্বর। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে এ স্বীকারোক্তি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেলে বরিশাল মহানগর পুলিশের (দক্ষিণ) কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশের উপকমিশনার মো. শোয়েবুর রহমান জানান, গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বন্দর থানার ধুমপাড়া মোড় থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়। ওই দিন রাতেই তাঁকে ঢাকায় পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়।
শোয়েবুর রহমান আরও জানান, গতকাল দুপুরে রাসেলকে বরিশালে আনা হয়েছে। রাসেলকে নিয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শন এবং হত্যায় ব্যবহার করা দা উদ্ধারেও অভিযান চালানো হয়েছে। শনিবার (আজ) তাঁকে আদালতে পাঠানো হবে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. মুজাহিদুল ইসলাম জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে রাসেল সাওদাকে হত্যার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিনের সম্পর্কের পর একপর্যায়ে সাওদা আর তাঁর সঙ্গে সম্পর্ক রাখতে চাননি। এতে তিনি ক্ষিপ্ত হন। যখন বুঝতে পারেন কোনোভাবেই আর সম্পর্ক রাখা যাচ্ছে না, তখন তিনি সাওদাকে হত্যার পরিকল্পনা করেন।
মুজাহিদুল ইসলাম বলেন, রাসেল জানিয়েছেন হত্যাকাণ্ডের পর অনুতপ্ত হয়ে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ অথবা আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার আগেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
৫ সেপ্টেম্বর সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে সাওদাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলেই তিনি মারা যান।