হত্যা করে গৃহবধূর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর ডাঙ্গাপাড়া গ্রামের গৃহবধূ ইয়াসমিনের (২৪) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। অভিযোগ উঠেছে, ওই গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকেরা হত্যা করে শোবার ঘরের সিলিংয়ে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।গৃহবধূর বাবা ইসরাফিলের (৫০) বাড়ি পার্শ্ববর্তী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফেরুশাডাঙ্গা গ্রামে। তিনি অভিযোগ করেন, ছয় বছর আগে সৈয়দপুরের আবদুস সামাদের ছেলে আনিছুর রহমানের (৩০) সঙ্গে তাঁর মেয়ের বিয়ে দেন। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে তিনি নির্যাতিত হয়ে আসছিলেন। দুটি শিশুসন্তান ফেলে ইয়াসমিনের স্বামী দেড় মাস আগে নিরুদ্দেশ হন। এ কারণে ইয়াসমিন নীলফামারী আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা করেন। স্বামীর অবর্তমানে শ্বশুর-শাশুড়ি, ননদ-দেবর এমনকি পাড়াপড়শিরাও ইয়াসমিনকে অমানুষিক নির্যাতন করত। বৃহস্পতিবার রাতে ইয়াসমিনকে পিটিয়ে হত্যা করে শ্বশুরবাড়ির লোকেরা।ইয়াসমিনের দাদি শাশুড়ি অলিমন বেওয়া (৭০) অভিযোগ করেন, তাঁর ছেলে ও ছেলের বউ ইয়াসমিনকে হত্যা করেছেন। বিবেকের তাড়নায় তিনি নিজে আদালতে গিয়ে আপনজনদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বলেও জানান। তবে তিনি বলেন, তাঁর নাতি অর্থাৎ ইয়াসমিনের স্বামী আনিছ নির্দোষ, বেকার বলে মা-বাবা এরই মধ্যে তাঁকে বাড়ি থেকে বের করে দেন।