হত্যা-গুমে আন্দোলন দমানো যাবে না: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম
মির্জা ফখরুল ইসলাম

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশব্যাপী প্রায় প্রতিদিনই বিরোধীদলীয় নেতা-কর্মীদের গুম-হত্যা করা হচ্ছে। গত রাতে নেত্রকোনার সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতিকে ‘হত্যা’ করা হয়েছে তারই ধারাবাহিকতায়। এভাবে হত্যা, গুম, নির্যাতন চালিয়ে নেতা-কর্মীদের মনে ভীতিসঞ্চার বা আন্দোলন দমানো যাবে না।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিবৃতিতে তিনি অভিযোগ করেন, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলীকে গত রাতে বাসা থেকে ধরে নিয়ে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে। তিনি এ ঘটনায় নিন্দা ও হত্যাকারীদের শাস্তির দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, জনমনে এখন এটা নিশ্চিত হয়ে গেছে, ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা দখলকারী বর্তমান অবৈধ সরকার বাকশালি কায়দায় বিরোধী দল ও মতকে দমন করে একচ্ছত্র বর্বর শাসন কায়েম করতে চায়। আর এই শাসনের একমাত্র উদ্দেশ্য ক্ষমতার আসনে চিরস্থায়ীভাবে নিজেদের টিকিয়ে রাখা। উদ্দেশ্য বাস্তবায়ন করতে বর্তমান অবৈধ সরকার বিএনপি তথা বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা, গুম, অপহরণ, হামলা, মামলা ও জুলুম-নির্যাতনসহ নানাবিধ দমনমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা এবং লাগামহীনভাবে গ্রেপ্তার করে কারাগারে আটকে রাখা বর্তমান ‘অবৈধ’ সরকারকে যেন নেশাগ্রস্ত করে তুলেছে। হত্যা এবং দলন-পীড়ন চালিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে এ দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না।