হত্যা-গুমের মাধ্যমে জাতিকে জিম্মি করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিলম্বে ‘বন্দুকযুদ্ধের’ নাটক এবং হত্যা ও গুম বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, অসাংবিধানিকভাবে চেপে বসা এই সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক নেই। জনমতে আস্থা রাখতে না পেরে সরকার হত্যা-গুমের মাধ্যমে জাতিকে জিম্মি করছে। সামরিক সরকারের মতো বন্দুক দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, আগে ছিল ক্রসফায়ার, এখন বন্দুকযুদ্ধের নামে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করে প্রকাশ্যে ফেলে রাখা হচ্ছে, গুম করা হচ্ছে। তিনি র‌্যাবকে মুক্তিযুদ্ধ-পরবর্তী রক্ষীবাহিনীর সঙ্গে তুলনা করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে প্রমাণিত হয়েছে, জনগণ সম্পূর্ণভাবে আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়েছে। শত চেষ্টা করেও তারা ফলাফল নিজেদের পক্ষে নিতে পারছে না। তিনি দ্রুত নির্দলীয় সরকারের অধীনে নতুন জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান।
নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, অনেকের মাঝে হতাশা কাজ করে। তাঁরা মনে করেন, ২৯ ডিসেম্বরের (২০১৩) আন্দোলন ব্যর্থ হয়েছে। সে আন্দোলন ব্যর্থ হয়নি। বাংলাদেশের মানুষ তাতে জয়ী হয়েছে। মানুষ ভোটকেন্দ্রে যায়নি। তিনি বলেন, সামনে বড় সংগ্রাম। সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব নিয়ে সে সংগ্রামে বিজয়ী হতে হবে।