হত্যা চেষ্টা মামলায় এক হিজড়া রিমান্ডে
সেজুতি নামের এক হিজড়াকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় আরেক হিজড়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁর নাম ইব্রাহিম ওরফে কচি হিজড়া। এ ছাড়া আরও পাঁচ হিজড়াকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের করা এক রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকার মহানগর হাকিম খুরশিদ আলম এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক শাহ আলম ৬ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আধিপত্য বিস্তার করতে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টর এলাকায় ২০-২৫জন হিজড়া অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উৎ পেতে থাকে। এ সময় সেজুতি ওই এলাকায় এলে ইব্রাহিম ওরফে কচি হিজড়া তার চুলের মুঠি ধরে হাতুড়ি দিয়ে মাথায় পেটায়। একপর্যায়ে সেজুতি দৌড় দিলে তাকে আবারও ধরে গুলি করা করা। এতে গুরুতর জখম হয় সেজুতি। এ ঘটনার রহস্য উদঘাটন এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।
গুলি করার ঘটনায় সেজুতির ধর্ম ভাই কামাল হোসেন উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। কচি ছাড়া মামলার অন্য পাঁচ আসামি হলেন জোনাকি বেগম, মাকসুদা, মল্লিকা, লিপি ইসলাম ও সোনালী আক্তার। তাদের কারাফটকে জিজ্ঞাসাবাদ করা হবে।