নোয়াখালীর হাতিয়ায় গণপিটুনিতে ডাকাত সন্দেহে চার যুবকের মৃত্যুর ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। গত শনিবার রাতে হাতিয়ার চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মজিবুল হক বাদী হয়ে হাতিয়া থানায় এসব মামলা করেন।
পুলিশ জানায়, চারটি মামলার মধ্যে ডাকাতির প্রস্তুতির মামলায় গণপিটুনিতে নিহত চার যুবক এবং আহত অবস্থায় আটক দুই যুবকের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় আরেকটি মামলা করা হয়েছে।
এ ছাড়া স্থানীয় লোকজনের পিটুনিতে ডাকাত সন্দেহে চার যুবক নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা হয়েছে। এ মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতপরিচয় চার-পাঁচ শ ব্যক্তিকে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিছুল হক ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র উদ্ধার, পুলিশের ওপর হামলা এবং গণপিটুনির ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের হওয়ার কথা নিশ্চিত করেছেন।
এদিকে গণপিটুনিতে নিহত চার যুবকের লাশের ময়নাতদন্ত গতকাল রোববার নোয়াখালী জেনারেল হাসপাতালে হয়েছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হাসেন বলেন, ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে দুজনের লাশ তাঁর স্বজনেরা নিয়ে গেছেন। বাকি দুজনের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। আত্মীয়স্বজন কেউ না এলে আজ সোমবার দাফনের ব্যবস্থা করা হবে।
গত শুক্রবার বিকেলে ধারালো অস্ত্রসহ ছয় যুবককে আটক করে হাতিয়ার চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে ঘাটের লোকজন। এরপর রাত পৌনে ১১টার দিকে ওই যুবকেরা ফাঁড়ির পুলিশকে কুপিয়ে ও পিটিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতা তাদের গণপিটুনি দেয়। এতে চার যুবকের মৃত্যু হয়।