হত্যা তদন্তে সহযোগিতা কামনা
জাপানি নাগরিক কুনিও হোশির হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতা চেয়েছেন জাপানি প্রতিনিধিদল। কুনিওর মরদেহ কবে হস্তান্তর করা হবে তা এখনো জানা যায়নি।
দুই সদস্যের জাপানি প্রতিনিধি দল আজ রোববার দুপুরে রংপুরের জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন।
জেলা প্রশাসক রাহাত আনোয়ার সাংবাদিকদের বলেন, তাঁরা (জাপানি দল) এসেছেন এই হত্যাকাণ্ড ও অন্যান্য বিষয়ে সহযোগিতার জন্য। তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কুনিওর মরদেহ কবে হস্তান্তর করা হবে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য এখনো পুলিশের হেফাজতে আছেন কুনিওর বাড়িওয়ালা গোলাম জাকারিয়া, রিকশাচালক মুন্নাফ আলী ও প্রত্যক্ষদর্শী মুরাদ হোসেন। ঘটনাস্থলে পুলিশও পাহারায় আছে।
রংপুর শহরের উপকণ্ঠে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের কাচু আলুটারি গ্রামে ৩ অক্টোবর (শনিবার) সকালে জাপানি নাগরিক কুনিও হোশি তাঁর খামারে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।