হত্যা না আত্মহত্যা নিশ্চিত নয় পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক সুমন সিকদার যেদিন (২ জানুয়ারি) নিখোঁজ হন, সেদিন বেলা আড়াইটা পর্যন্ত তিনি কর্মস্থল মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখেছেন। বিকেলে ঢাকাগামী বাসে উঠেছেন। পরদিন সকালে ঢাকার শাহবাগে আজিজ কো-অপারেটিভ হাউজিং কমপ্লেক্স থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সুমন সিকদার একসময় কিছুদিন শাহবাগের ওই ভবনে ছিলেন। তবে সেদিন তিনি কার কাছে এসেছিলেন, তা এখনো জানতে পারেনি পুলিশ। তাঁর মৃত্যু হত্যা না আত্মহত্যা, তা-ও নিশ্চিত নয় পুলিশ।

পুলিশের একটি সূত্র বলেছে, আজিজ কো-অপারেটিভ হাউজিং কমপ্লেক্সের (আজিজ মার্কেট) সপ্তম তলার ফ্ল্যাটের বাইরে থাকা ময়লার ঝুড়ি থেকে সুমন সিকদারের সোয়েটার, কেডস ও চশমা পাওয়া গেছে। তাঁর মরদেহ পাওয়া গেছে চতুর্থ তলায়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সংলগ্ন ওই ভবনে তাঁর পরিচিত একজন চিকিৎসক থাকেন। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়। প্রয়োজনে তাঁকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে।

যে ঝুড়ি থেকে সুমনের সোয়েটার, চশমা পাওয়া গেছে, তার কাছের ফ্ল্যাটে থাকেন ১২ চিকিৎসক। গত বৃহস্পতিবার তাঁদের তিনজন বলেন, তাঁরা সুমনকে চেনেন না। সোসাইটির ব্যবস্থাপক মো. মোফাজ্জল হোসেন বলেন, সুমন সিকদার নামের কেউ কার কাছে এসেছিলেন, তা তিনি জানেন না।

জানা গেছে, সুমন সিকদার খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর একসময় ওই ভবনের একটি ফ্ল্যাটে ছিলেন। ২০১৪ সালে ৩৩তম বিসিএসে উত্তীর্ণ হয়ে তিনি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন।

জানা গেছে, ২ জানুয়ারি সুমন সিকদারের মা শ্রীপুর  স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। বেলা আড়াইটায় পরের পালার দায়িত্ব চিকিৎসককে বুঝিয়ে দিয়ে সুমন মাগুরা শহরের দিকে যান। সুমনের বাবা সুকুমার সিকদার প্রথম আলোকে বলেন, ‘মাগুরার বাড়িতে ছেলে তার মাকে নামিয়ে দিয়ে বলেছিল, বাড়ি ফিরে ভাত খাবে। সে একটা ব্যাগ রেখে যায় বাড়িতে। ওই ব্যাগের মধ্যে তার মোবাইলটাও রেখে গেছে।’

সূত্র বলেছে, মাকে নামিয়ে দিয়ে সুমন সিকদার মাগুরা শহরেই একটা মেসে যান। বেলা সাড়ে তিনটা-চারটার দিকে তাঁকে কেউ একজন মোটরসাইকেলে করে বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে যান। একটি বাস কাউন্টারের কর্মী প্রথম আলোকে বলেন, সুমন তড়িঘড়ি করে ঢাকাগামী একটি বাসে ওঠেন।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আলী বিশ্বাস বলেন, ৩ জানুয়ারি মৃতদেহ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত হয়। আঙুলের ছাপ মিলিয়ে তাঁর পরিচয় জানা গেছে।

সোমবার রাতে মর্গে সুমনের মরদেহ শনাক্ত করেন তাঁর বাবা। বাবার অভিযোগ, তাঁর ছেলেকে খুন করা হয়েছে।

পুলিশ বলেছে, সুমনের মুঠোফোনের কললিস্ট পরীক্ষা করে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তিনি খুন হয়েছেন, না আত্মহত্যা করেছেন, সেটা জানতে ময়নাতদন্ত প্রতিবেদন  পাওয়া দরকার।

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, ওপর থেকে পড়ে সুমনের মৃত্যু হয়েছে। তিনি নিজেই লাফ দিয়েছেন, নাকি কেউ তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, সেটা বের করার দায়িত্ব পুলিশের।