হত্যা না দুর্ঘটনা, সুরাহা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালের ৮ জুলাই থেকে ৯ আগস্ট—এক মাসেই ঢাকা রেলওয়ে থানাধীন রেললাইনের পাশ থেকে ৫২টি লাশ উদ্ধার করা হয়েছে। এর বেশির ভাগই উদ্ধার করা হয়েছে গাজীপুর এলাকা থেকে। এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, টাকাপয়সা কেড়ে নিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ছাদ থেকে যাত্রীদের ফেলে দিয়ে এসব হত্যার ঘটনা ঘটাচ্ছে। আর বাংলাদেশ রেল পুলিশের (জিআরপি) তদন্ত প্রতিবেদনে এসব ঘটনাকে দুর্ঘটনা বলে দাবি করা হয়েছে।

প্রথম আলোর পক্ষ থেকে এসব লাশ উদ্ধারের ঘটনাস্থলের আশপাশের লোকজন এবং এ পথে ট্রেনে নিয়মিত ভ্রমণকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে ট্রেনের ছাদে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে টাকাপয়সা কেড়ে নিচ্ছে ডাকাত ও ছিনতাইকারীরা। বাধা দেওয়ার চেষ্টা করলে যাত্রীদের ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করছে। রাতের ট্রেনে এসব ডাকাত বেশি সক্রিয় থাকে। আর এ নৃশংসতার শিকার বেশির ভাগই হচ্ছেন গরিব ও শ্রমজীবী মানুষ।

সর্বশেষ গতকাল সোমবার গাজীপুরে জয়দেবপুর-রাজশাহী রেললাইনের পাশ থেকে তিনটি লাশ উদ্ধার করে পুলিশ। আহত অবস্থায় পাওয়া যায় সুমন হোসেন (৩০) নামের একজনকে। তিনি জানান, ডাকাতিতে বাধা দেওয়ায় তাঁদের চারজনকে রোববার রাতে ট্রেনের ছাদ থেকে ফেলে দেয় দুর্বৃত্তরা।

পুলিশ সদর দপ্তরের হিসাবমতে, ২০১২ সালে সারা দেশের রেললাইন ও আশপাশের এলাকা থেকে ৮৭৩টি লাশ উদ্ধার করেছে রেল পুলিশ। কিন্তু এসব মৃত্যুর বেশির ভাগই অনুদ্ঘাটিত থেকে গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রেলওয়ের স্থাপনায় এসব হত্যার ঘটনা নিয়ে সাধারণত গা করে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারণ, এ-সংক্রান্ত মামলা ও তদন্তের দায়িত্ব রেল পুলিশের (জিআরপি)। আর রেল পুলিশ জটিলতা এড়া

তে বেশির ভাগ লাশ উদ্ধারের ঘটনাকে দুর্ঘটনা বা আত্মহত্যা বলে চালিয়ে দেয় এবং কাগজপত্রে তদন্তের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বলে অভিযোগ রয়েছে।

জানতে চাইলে পুলিশের রেলওয়ে রেঞ্জের উপমহাপরিদর্শক সোহরাব হোসেন দাবি করেন, নিয়ম অনুযায়ী এসব ঘটনার তদন্ত করা হয়। গতকাল যে তিনজনের লাশ মিলেছে, তাঁরা ট্রেনে ধাক্কা খেয়ে মারা গেছেন বলে এখন পর্যন্ত তাঁদের কাছে তথ্য রয়েছে। তবে তিনি এ-ও বলেছেন, ট্রেনের ছাদে ডাকাতির ঘটনায় গত বছর প্রথম আলোতে খবর ছাপা হওয়ার পরে তাঁরা ঘটনাস্থলে গেছেন। বেশ কয়েকজন দুর্বৃত্ত ধরা পড়েছে। তাদের অনেকে এখন জেলে আছে।

জেলা প্রশাসনের তদন্ত: প্রথম আলোতে গত বছরের ১০ আগস্ট ‘ট্রেনে ছিনতাই, ডাকাতি: ৩০ দিনে ৪৭টি লাশ উদ্ধার’ শিরোনামে একটি খবর ছাপা হয়। এসব লাশের বেশির ভাগই মেলে গাজীপুর জেলার আওতাধীন রেললাইনের পাশে। এর পরিপ্রেক্ষিতে রেল পুলিশ ও গাজীপুর জেলা প্রশাসন পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে। এর মধ্যে জেলা প্রশাসনের তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান ছিলেন গাজীপুরের তৎকালীন অতিরিক্ত জেলা হাকিম ও বর্তমান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনেওয়াজ দিলরুবা খান। বাকি দুই সদস্য হলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও ঢাকা (কমলাপুর) জিআরপি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন চৌধুরী।

এ কমিটির সদস্যরা সবচেয়ে বেশি লাশ পাওয়ার স্থান গাজীপুর সদরের মীরেরগাঁও ও পূর্ব চন্দ্রা (চান্দরা) এলাকা, জয়দেবপুর ও টঙ্গী স্টেশন পরিদর্শন এবং যাত্রীবেশে রাত্রিকালীন ট্রেনে ভ্রমণ করেন। তাঁরা ঘটনাস্থলের আশপাশের লোকজন ও স্টেশনের কর্মকর্তা, পুলিশ, ট্রেন থেকে দুর্বৃত্তরা ফেলে দেওয়ার পর বেঁচে যাওয়া ব্যক্তিসহ ২০ জনের সঙ্গে কথা বলেন।

তদন্ত কমিটির প্রধান শাহনওয়াজ দিলরুবা খান প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদনে চলন্ত ট্রেনে নিরাপত্তা বাড়ানোসহ বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছিল। কিন্তু সেসবের কিছুই মানা হয়নি।

এ তদন্ত কমিটির প্রতিবেদনের শেষে ‘প্রাপ্ত তথ্য এবং সাক্ষ্যসমূহ বিশ্লেষণ ও পর্যালোচনা’ অংশে বলা হয়, ট্রেনের ছাদে স্বল্প আয়ের লোকেরা যাতায়াত করেন। তাঁদের ছিনতাই করার সময় বাধা দিলে দুর্বৃত্তরা লোকগুলোকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গাজীপুর সদরের মীরেরগাঁও, কালিয়াকৈর থানাধীন পূর্ব চান্দরা বা চন্দ্রা, জয়দেবপুর স্টেশন থেকে মৌচাক পর্যন্ত, তুরাগ সেতুর নিচে এসব ঘটনা বেশি ঘটেছে। এসব এলাকা নীরব এবং জঙ্গলে পরিপূর্ণ বলে দুর্বৃত্তরা হত্যার জন্য এসব এলাকা বেছে নেয়।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক ও মৌচাক পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি প্রায় এক বছর ওই এলাকায় কাজ করছেন। তিনি গত বছরের জুলাই-আগস্টে রেললাইনের পাশ থেকে দুজনকে মৃত অবস্থায় ও আট-দশজনকে আহত অবস্থায় পান। আহত ব্যক্তিরা বলেছেন, তাঁদের কাছ থেকে টাকা ও জিনিসপত্র ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা তাঁদের ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়েছে।

রেলের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন: জেলা প্রশাসনের পাশাপাশি একই সময়ে রেলওয়ে জেলা চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার গিয়াসউদ্দীন মিয়াকে প্রধান করে রেল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি করে। ওই কমিটির প্রতিবেদনের শেষে বলা হয়, ‘ট্রেনে ছিনতাই, ডাকাতি: ৩০ দিনে ৪৭টি লাশ উদ্ধার’ শিরোনামে প্রথম আলোতে যে সংবাদটি ছাপা হয়েছে, তার মধ্যে মাত্র একটি ঘটনা ট্রেনে ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট। আর বাকিগুলো প্রকৃতপক্ষে ট্রেনে আঘাতজনিত ও ট্রেনে কাটা পড়ে মৃত্যু। প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালের ৮ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত সময়ে ঢাকা রেলওয়ে থানাধীন রেললাইনের পাশ থেকে ৫২টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৪৫টি ‘ট্রেনে কাটা পড়িয়া’ ও ‘ট্রেনে আঘাতপ্রাপ্ত’ হয়ে মৃত্যু বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বাকিদের মধ্যে একজন সুন্দরবন এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে, দুজন মুঠোফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে, একজন পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষে, একজন ‘ট্রেনের ছাদ হইতে পড়িয়া’ ও দুজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়।

রেলের এ তদন্ত প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ দাবি করেন, এসব ঘটনা পুলিশ খোঁজ নিয়ে দেখেছে। সবগুলোই দুর্ঘটনাজনিত মৃত্যু। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, অন্যমনস্ক হয়ে রেললাইন ধরে হাঁটার সময় বা কানে হেডফোন গুঁজে হাঁটার সময় রেলের ধাক্কায় বা রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে। যে কয়টি ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, পুলিশ সেগুলো উদ্ঘাটন করেছে বলে দাবি করেন তিনি।

ট্রেনে কাটা পড়া বিষয়ে তদন্ত করেছে র‌্যাবও। এ বিষয়ে র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, রাজধানীর দক্ষিণখান ও উত্তরখান এলাকার কিছু দুর্বৃত্ত চক্র ট্রেনের ছাদে থাকে। ট্রেন একটু নির্জন এলাকায় গেলে তারা ছাদে ভ্রমণকারীদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। কেউ না দিতে চাইলেই ওই দুর্বৃত্তরা লোকগুলোকে ছাদ থেকে ফেলে দেয়।