রাজশাহীর চারঘাটে গতকাল সোমবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে এক সীমান্ত বৈঠক হয়েছে। এতে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা, নির্যাতন, চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ সীমান্ত পারাপার বন্ধসহ নানা বিষয়ে আলোচনা হয়।বৈঠক সূত্রে জানা গেছে, সীমান্তে স্থিতাবস্থা ও আইনশৃঙ্খলা রক্ষায় উভয় দেশের সেক্টর কমান্ডার সম্মত হন। বিশেষ করে সীমান্ত হত্যা, মাদক পাচার ও কাঁটাতার কেটে অবৈধ অনুপ্রবেশ বন্ধের উপায় নিয়ে তাঁরা ফলপ্রসূ আলোচনা করেন। ভবিষ্যতে নিয়মিত বৈঠকের মাধ্যমে সীমান্তের অনিষ্পন্ন বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টা অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। বৈঠকে বিজিবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সরকার মুহাম্মদ শামসুদ্দিন পিএসসি। আর বিএসএফের পক্ষে বহরমপুর সেক্টর কমান্ডার ডিআইজি আর সি দায়েনি।বৈঠক শেষে এক বিবৃতিতে আর সি দায়েনি জানান, গত এক বছরে রাজশাহী এলাকার তাঁর অংশে কোনো সীমান্ত হত্যাকাণ্ড হয়নি। তিনি এ ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। তা ছাড়া সীমান্তে মাদক চোরাচালান বন্ধেও তিনি বদ্ধপরিকর।