হত্যা-নির্যাতনের বিচার না হওয়ায় হিন্দু মহাজোটের ক্ষোভ
দেশে নির্বাচন এলেই হিন্দুদের ওপর নির্যাতনে নেমে আসে। গত সংসদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী নানা অপ্রীতিকর ঘটনায় হিন্দু সম্প্রদায়ের অনেকেই দেশ ছেড়েছেন। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা।
এ সময় তাঁরা দেশে হিন্দু সম্প্রদায়ের জন্য জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি জানান। একই সঙ্গে নেতারা সব পৌর ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ২০ শতাংশ কোটা সংরক্ষণেরও দাবি জানান।
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধে হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, গুপ্তহত্যার সব তথ্য আমার কাছে আছে। আমরাও বিশ্বাস করি, সব তথ্য তাঁর কাছে আছে। দয়া করে চেয়ারের দিকে না তাকিয়ে আমাদের বাঁচান। খুনিরা গ্রেপ্তার ও শাস্তি না পাওয়ায় জনগণ বিশ্বাস করতে বাধ্য হচ্ছে সরকার ইচ্ছা করেই এই খুনি চক্রের মূলোৎপাটন করছে না।’ তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায় জীবনের ঝুঁকি নিয়ে বাড়িঘর–মন্দির হারিয়ে যাঁদের ভোট দিয়ে সংসদে পাঠায়, তাঁরা আজ পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের ওপরে নির্যাতন-নিপীড়নের বিষয়ে কোনো ভূমিকা নেননি।