হত্যা বন্ধের অঙ্গীকার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে শুরু হওয়া বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিল আওয়ামী লীগ। ২০০৮-এর সংসদ নির্বাচনের সময় দলীয় ইশতেহারে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে দলটির অঙ্গীকার ছিল। কিন্তু এ বছরের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের আগে দেওয়া আওয়ামী লীগের ইশতেহারে এ ব্যাপারে কিছুই বলা নেই।
এখন রাজনৈতিক পর্যবেক্ষক মহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে আওয়ামী লীগ কি তাহলে আগের অবস্থান থেকে সরে এসেছে?
নির্বাচনী ইশতেহার প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তাঁকে ওই প্রশ্নটি করা হয়েছিল। তিনি বলেন, না, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের ব্যাপারে আওয়ামী লীগের নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। বিষয়টি হয়তো নজর এড়িয়ে গেছে।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে পাঁচটি বিষয় অগ্রাধিকার দেওয়া হয়েছিল। অগ্রাধিকারমূলক অঙ্গীকারের ৫.২ অংশের শুরুতেই বলা আছে, ‘বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হবে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা হবে।’
কিন্তু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ না হলেও দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগ যে ইশতেহার দেয়, তাতে এ বিষয়ে কোনো বক্তব্য নেই।
আওয়ামী লীগের সর্বশেষ ইশতেহারে অগ্রাধিকার হিসেবে আছে ‘সুশাসন, গণতন্ত্রায়ন এবং ক্ষমতার বিকেন্দ্রায়ন। ইশতেহারের ১.৫ অংশে বিচার বিভাগ ও আইনের শাসন সম্পর্কে এক জায়গায় বলা হয়েছে, ‘সবার জন্য আইনের সমান প্রয়োগ, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা কার্যক্রম জোরদার করা হবে।’
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের দুজন জ্যেষ্ঠ নেতা ও প্রভাবশালী মন্ত্রী প্রথম আলোকে বলেন, হয়তো ভুলক্রমে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে দলীয় অবস্থানের বিষয়টি বাদ পড়ে গেছে। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল কখনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করতে পারে না।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ২০০৮ সালের ইশহেতারে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের অঙ্গীকার থাকলেও সে অঙ্গীকার তারা পালন করেনি। গত পাঁচ বছর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, এখনো হচ্ছে। কোনো হত্যাকাণ্ডের তদন্ত হয়নি। তিনি মনে করেন, এবার ইশতেহারে আওয়ামী লীগ উদ্দেশ্যমূলকভাবেই বিয়ষটি এড়িয়ে গেছে। যাতে এ ব্যাপারে ইশতেহার ধরে তাদের কেউ কোনো প্রশ্ন করতে না পারে।