হত্যা মামলা আজও তালিকাভুক্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধুপুরের আদিবাসী নেতা চলেশ রিছিলের মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুর আট বছর পরও তাঁর স্ত্রীর দেওয়া মামলাটি পুলিশ তালিকাভুক্ত করেনি।
২০০৭ সালে দেশে জরুরি অবস্থা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে চলেশ রিছিলের মৃত্যু হয়। এ ঘটনা তদন্তে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির প্রতিবেদনও আলোর মুখ দেখেনি। এ নিয়ে ক্ষোভ রয়েছে আদিবাসী নেতা ও চলেশ রিছিলের পরিবারের সদস্যদের।
আদিবাসী নেতারা জানান, ২০০৭ সালের ১৮ মার্চ ময়মনসিংহ থেকে মাইক্রোবাসে মধুপুরের দিকে আসছিলেন চলেশ রিছিল। তাঁর সঙ্গী প্রতাব জাম্বিল জানান, মুক্তাগাছা উপজেলার কালীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাড়ি থেকে চলেশ, প্রতাব, তুহিন ও পীরেনকে ধরে মধুপুরের কাকরাইদে বিএডিসির খামারে স্থাপিত সেনাক্যাম্পে নিয়ে যায়। সেখানে সন্ধ্যায় চলেশ রিছিলের মৃত্যু হয়।
চলেশ রিছিলের স্ত্রী সন্ধ্যারানী সিমসাং জানান, মধুপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় সাংবাদিকদের জানায়, তারা চলেশকে গ্রেপ্তার করতে গেলে দৌড়ে পালানোর সময় তিনি হোঁচট খেয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। হাসপাতালে আনার পর তাঁর মৃত্যু হয়। ওই রাতেই মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কামরুজ্জামান বাদী হয়ে মধুপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন।
২০ মার্চ চলেশের প্রথম স্ত্রী সন্ধ্যারানী সিমসাং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বন বিভাগের কর্মকর্তাদের নাম উল্লেখ করে মধুপুর থানায় একটি মামলা করতে যান। পুলিশ অভিযোগটি গ্রহণ করলেও তালিকাভুক্ত করেনি।
ঘটনাটি তদন্তের জন্য অবসরপ্রাপ্ত জেলা জজ রফিক উদ্দিনের নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে সরকার। তদন্ত কমিটি ঘটনার ব্যাপারে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেয়। কিন্তু আজও তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি।
ঘটনার পরপরই তিনটি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (বাস্ট), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) পক্ষ থেকে যৌথ অনুসন্ধান করা হয়। অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে তারা সে সময় সংবাদ সম্মেলন করে জানিয়েছিল, চলেশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও রক্তের দাগ ছিল। দুই হাতের হাড় ও সব আঙুল ভাঙা ছিল। হাত-পায়ের বেশ কয়েকটি নখ উপড়ানো ছিল।
মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালে চলেশের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভায় মধুপুরের সাংসদ তৎকালীন খাদ্যমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক এবং বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এ হত্যার বিচারের ব্যবস্থা করবেন বলে কথা দিয়েছিলেন। মামলাটি পুলিশ যাতে তালিকাভুক্ত করে বিচারের উদ্যোগ নেয়, সে ব্যাপারেও নির্দেশ দেবেন। কিন্তু কয়েক বছর পার হলেও তাঁদের সে কথার বাস্তবায়ন হয়নি।
গতকাল মঙ্গলবার বিকেলে মধুপুর থানায় যোগাযোগ করা হলে থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা মণ্ডল জানান, এ-সংক্রান্ত কোনো কাগজপত্র তাঁদের কাছে নেই। এ মামলা সম্পর্কে তাঁরা কিছু জানেন না।
জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি অজয় এ মৃ বলেন, রহস্যজনক কারণে বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়নি। চলেশ রিছিলের স্ত্রী সন্ধ্যারানী সিমসাং বলেন, ‘যারা আমার স্বামীকে ধরে নিয়ে নির্যাতন করে হত্যা করেছে তাদের বিচার চাই।’