হত্যা মামলা করলেন সাংবাদিক আওরঙ্গজেবের স্ত্রী

সাংবাদিক আওরঙ্গজেব সজীবকে কেউ হত্যা করে থাকতে পারে—এমন আশঙ্কার কথা জানিয়ে তাঁর স্ত্রী মোরশেদা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। গতকাল বুধবার মুন্সিগঞ্জ সদর থানায় করা মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি।
এ ব্যাপারে আজ বৃহস্পতিবার মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ ভূইয়া বলেন, বাদীর সঙ্গে কথা বলে অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। বাদীর কাছে জানতে চাওয়া হয়েছে, তিনি কাউকে সন্দেহ করেন কি না। তবে তিনি সুনির্দিষ্ট করে কারও নাম বলতে পারেননি।
পুলিশ জানায়, ধলেশ্বরী নদী থেকে উদ্ধার হওয়া সাংবাদিকের লাশ আজ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত রোববার বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেনডেন্টের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি আওরঙ্গজেব সজীব নিখোঁজ হন। তিন দিন পর গতকাল বিকেলে ধলেশ্বরী নদীর মুন্সিগঞ্জের সদর উপজেলার নয়াগাও এলাকা থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: