হত্যা মামলা করে পুলিশই এখন বলছে ‘ক্রসফায়ার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী থেকে মোহাম্মদ আলীর গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ পরিবারকে না জানিয়েই হত্যা মামলা করেছে। অথচ সেই পল্লবী থানার পুলিশই এখন বলছে, ‘মোহাম্মদ আলী ক্রসফায়ার বা গোলাগুলিতে নিহত হয়ে থাকতে পারেন।’নিহত ব্যক্তির স্বজনদের অভিযোগ, মোহাম্মদ আলী হত্যাকাণ্ডে পুলিশের একজন তথ্যদাতাসহ স্থানীয় কয়েকজন সন্ত্রাসী জড়িত। তাদের বাঁচাতে পরিকল্পিত হত্যাকাণ্ডকে ক্রসফায়ার বলে চালানোর চেষ্টা করছে পুলিশ।অভিযোগ অস্বীকার করে সম্প্রতি পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ‘পুলিশ ছাড়া আরও ডিপার্টমেন্ট আছে, যারা আসামি ধরে। র‌্যাব আছে, সিআইডি আছে। ধারণা করছি, তাদের সঙ্গে গোলাগুলি হয়ে থাকতে পারে।’পুলিশ সূত্র জানায়, মোহাম্মদ আলীর লাশ উদ্ধারের পর পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) নূরুল আবছার বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। এজাহারে বলা হয়, স্থানীয়ভাবে জিজ্ঞাসাবাদে এবং প্রাথমিক তদন্তকালে জানা যায়, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা বেলা দুইটা থেকে বিকেল চারটার মধ্যে ভিকটিমের (মোহাম্মদ আলী) কানে ও পিঠে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই এনামুল হক।মোহাম্মদ আলী কারচুপির (কাপড়ে নকশা) ব্যবসা করতেন। ৫ আগস্ট বিকেলে পল্লবীর সাগুফতা আবাসিক এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।নিহত ব্যক্তির মা শাহনাজ বেগম সাংবাদিকদের বলেন, ওই দিন তাঁর ছোট ছেলে দুবাই গেছেন। তাঁকে বিমানে উঠিয়ে দিয়ে তাঁরা বিমানবন্দর থেকে বেলা দুইটার দিকে পোস্তগোলার বাসার উদ্দেশে রওনা দিলেও মোহাম্মদ আলী তাঁর বন্ধু সুমনের সঙ্গে মিরপুরের দিকে যান। দেড় ঘণ্টা পর সুমন ফোনে জানান, পুলিশের তথ্যদাতা টিটু ও তাঁর সহযোগী কালাম, বাপ্পীসহ কয়েকজন মোহাম্মদ আলীকে ধরে নিয়ে গেছেন। এর কিছুক্ষণ পর টিটু ফোন করে লাশ পাওয়ার খবর দেন।শাহনাজ অভিযোগ করেন, অর্থের লেনদেন ও শত্রুতার কারণে টিটু ও তাঁর সহযোগীরা মোহাম্মদ আলীকে হত্যা করেছেন। এর সঙ্গে পুলিশও জড়িত। তিনি জানান, এ ঘটনায় তিনি আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই এনামুল হক ফোনে দাবি করেন, ‘টিটু পুলিশের তথ্যদাতা হলেও এ ঘটনার সঙ্গে সে জড়িত নয়।’ তিনি বলেন, ‘ওই দিন লাশ উদ্ধারের পর আমি টিটুকে ফোন করে মোহাম্মদ আলীর পরিবারকে খবর দিতে বলেছিলাম। টিটু উপকার করতে গিয়ে সমস্যায় পড়েছে।’কিন্তু এর আগে ৭ আগস্ট এনামুল হক ফোনে বলেছিলেন, ‘ক্রসফায়ারে মোহাম্মদ আলী মারা গেছেন।’এনামুলের বক্তব্যের বিষয়ে পল্লবী থানার ওসির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘মোহাম্মদ আলী চাঁদাবাজ। তাঁর বিরুদ্ধে মামলা আছে। তাই আমরা ধারণা করছি, কোনো বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তাঁর মৃত্যু হয়েছে।’এ বিষয়ে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘কিসের ভিত্তিতে তারা ক্রসফায়ার বলছে, তা আমি জানি না।’গত সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সাগুফতা আবাসিক এলাকার পূর্ব দিকের শেষ সীমায় বিস্তীর্ণ ফাঁকা জায়গা। কিছু দূরে বাউনিয়া তালতলায় প্রায় ১০-১৫টি দোকান ও কয়েকটি বসতবাড়ি। কয়েকজন দোকানদার বলেন, ঝোপঝাড়ঘেরা একটি টংঘরে লাশটি পড়ে ছিল। গুলির কোনো শব্দ তাঁরা পাননি।নিহত মোহাম্মদ আলীর স্ত্রী নিপা আক্তার বলেন, ‘পাঁচ-ছয় মাস আগে আমার দেবরকে আটক করে পাঁচ লাখ টাকা দাবি করেছিলেন পল্লবী থানার এসআই এনামুল। টাকা না দেওয়ায় তাকে মাদক মামলায় গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়।’ তিনি দাবি করেন, টিটুর সঙ্গে আগে থেকেই এনামুলের গভীর সম্পর্ক রয়েছে। এ হত্যাকাণ্ডে এসআই এনামুলের হাত রয়েছে।এসআই এনামুল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এগুলো উল্টাপাল্টা কথা। আপনারা শুনছেন, তাঁরাও বলছেন।’