নোয়াখালী শহরের কৃষ্ণরামপুর জামে মসজিদের ইমাম জহির উদ্দিনের (৫২) লাশ উদ্ধারের তিন দিন পর থানায় হত্যা মামলা হয়েছে। গত রোববার রাতে সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার ভৌমিক বাদী হয়ে এ মামলা করেন।
হত্যা মামলাটি তদন্ত করছেন সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মির্জা মো. হাছান। নিহত জহির উদ্দিনের শ্যালক মো. হাছান ও বড় ছেলে মোহাম্মদ আলীকে রোববার রাতেই থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন তিনি। পরিদর্শক বলেন, জহির উদ্দিনের পরিবারের অন্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া মসজিদ কমিটির সদস্য এবং প্রতিবেশীদের কাছেও এ ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হবে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার পর নিজ বাড়ির শয়নকক্ষ থেকে জহির উদ্দিনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গত শুক্রবার রাতে তাঁর বড় ভাই থানায় অপমৃত্যুর মামলা করেন। পরিবার প্রথমে বলেছিল, জহির উদ্দিন আত্মহত্যা করেন। পরে লাশের ময়নাতদন্তের প্রতিবেদনে চিকিৎসকেরা উল্লেখ করেন, আত্মহত্যা নয়, জহির উদ্দিনকে গলা কেটে হত্যা করা হয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে জহির উদ্দিনকে হত্যার বিষয়টি উল্লেখ করায় আইন অনুযায়ী হত্যা মামলা করা হয়েছে। সেভাবেই মামলার তদন্ত চলছে।