হত্যা মামলা তুলে নিতে বাদীকে আসামির হুমকি?
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় হত্যা মামলা তুলে নেওয়ার জন্য জামিনে মুক্ত এক আসামি বাদীর পরিবারকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাদী এ অভিযোগ করেন।
ওই আসামির নাম আবু হানিফ। তাঁর বাড়ি তারাকান্দা উপজেলার পাগুলি গ্রামে।
সংবাদ সম্মেলন ও এজাহার সূত্রে জানা যায়, বিরোধের জের ধরে গত ৪ ডিসেম্বর রাতে পাগুলি গ্রামের মাহবুব হাসানকে (৩২) বাড়ির পাশে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৫ ডিসেম্বর নিহত ব্যক্তির ভাই কাজল হোসেন বাদী হয়ে আবু হানিফকে প্রধান করে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। আবু হানিফ ১৫ জানুয়ারি ময়মনসিংহের আদালতে আত্মসমর্পণ করেন। ২০ ফেব্রুয়ারি তিনি জামিনে মুক্তি পান।
সংবাদ সম্মেলনে কাজল হোসেন বলেন, ‘আবু হানিফ জামিনে মুক্তির পর থেকেই মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন। না হলে আমার পরিবারের যেকোনো সদস্যকে খুন করা হবে বলে হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে তারাকান্দা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।’
মাহবুব হাসানের স্ত্রী শিউলি আক্তার, মা জোহরা খাতুন এবং দুই ছেলে শিশির ও সিফাত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল। এ সময় শিউলি আক্তার স্বামীর হত্যাকারীদের বিচার দাবি করেন।
আবু হানিফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি হত্যার সঙ্গে জড়িত নই। মিথ্যা মামলা দেওয়ায় আমি জামিন পেয়েছি।’ তিনি মামলা তুলে নিতে হুমকির বিষয়টি অস্বীকার করেন।