হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর কাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সাহিদুল ইসলাম ওরফে সহিদ (১৯) হত্যা মামলা তুলে নেওয়ার জন্য বাদীপক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।বাদী মো. ছলিমুল্যাহ গতকাল সোমবার প্রথম আলোর কাছে এ অভিযোগ করেন। ছলিমুল্যাহ অভিযোগ করেন, একই এলাকার নুর নবী গংদের সঙ্গে সম্পত্তি নিয়ে বেশ কিছুদিন ধরে তাঁদের বিরোধ চলছে। বিরোধের বিষয়ে ৬ আগস্ট সালিসি বৈঠক চলাকালে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে তাঁদের ওপর হামলা চালায়। হামলায় তাঁর ছেলে সাহিদুল ইসলাম গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।ওই ঘটনায় তিনি বাদী হয়ে প্রতিপক্ষের ১৪ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ ঘটনার দিনই এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম, সিরাজ আলম ও নুর উদ্দিন নামের তিনজনকে গ্রেপ্তার করে। অন্য আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।ছলিমুল্যাহর অভিযোগ, ‘মামলার অভিযুক্ত আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে এসেই মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করছেন। একই সঙ্গে মামলা তুলে না নিলে আমাদের পরিবারের অন্যদেরও ছেলের পরিণতি বরণ করতে হবে বলে হুমকি-ধমকি দিচ্ছে।’ তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে তিনি ২২ আগস্ট হুমকির বিষয়টি উল্লেখ করে থানায় আসামিদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন। কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আইনগত পদক্ষেপ গ্রহণ না করায় তিনি পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে, হুমকির অভিযোগ বিষয়ে জানতে অভিযুক্ত নুর নবী গংয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।তবে, তাঁদের দূরসম্পর্কীয় আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘দুই পক্ষের মারামারিতে সাহিদুল আহত হওয়ার পর মারা গেছে এটা ঠিক। ওই ঘটনায় দায়ের করা মামলার আসামিরা জামিনে আসায় তাদের নতুন করে ফাঁসানোর জন্য এসব মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।’কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান আলী বলেন, সাহিদুল ইসলাম হত্যা মামলার বাদীপক্ষের লোকজনকে হুমকি দেওয়ার বিষয়ে এরই মধ্যে সাধারণ ডায়েরি রেকর্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।