রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বহরপুরের বারাদি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ডলি আক্তারের স্বামী আলম মল্লিককে গ্রেপ্তার ও তাঁর বিচার দাবিতে গতকাল সোমবার মানববন্ধন ও মিছিল হয়েছে। রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করা হয়। ডলি আক্তারের বাবা আব্দুল মালেক অভিযোগ করেন, বিয়ের পর থেকেই আলম যৌতুকের দাবি করেন। কিন্তু যৌতুক না দিতে পারায় তাঁর মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে। এরপর দ্বিতীয় বিয়ে করেন। আলমের বিরুদ্ধে ডলি মামলা করলে মীমাংসা করার কথা বলে মামলা তুলে নিতে বলেন। ৫ নভেম্বর দিবাগত রাতে ঘরে আগুন লাগিয়ে তাঁর মেয়ে ও নাতিকে হত্যা করা হয়।উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস বলেন, ‘আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই এবং অবিলম্বে আলমকে গ্রেপ্তার করতে হবে।’রাজবাড়ী সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি আরিফ বলেন, ‘ডলি আমাদের কলেজের ছাত্রী ছিলেন। আমরা তাঁর হত্যাকারীর ফাঁসি চাই।’ মানববন্ধনে জেলা উদীচীর সভাপতি সুনিল কুমার বিশ্বাস, শফিউর রহমান চৌধুরী, জাহাঙ্গীর খান, রাজবাড়ী সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস তসলিমসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।শুক্রবার রাত আড়াইটার দিকে আলম মল্লিকের ঘরে আগুন লাগে। এতে তাঁর স্ত্রী ডলি খাতুন (৩৫) ও ছেলে সোলাইমান মল্লিক অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় পরদিন শনিবার ডলির বাবা আব্দুল মালেক বাদী হয়ে মামলা করেন। নির্যাতন করে হত্যার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি হয়। এতে আলম মল্লিককে আসামি করা হয়েছে।বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজাদ হোসেন জানান, মামলার তদন্ত চলছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।