চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গার সাংবাদিক সদরুল নিপুলের ১০ টুকরা লাশ উদ্ধারের ঘটনায় তাঁর স্ত্রী হত্যা মামলা করতে গেলে পুলিশ কালক্ষেপণ করে বলে অভিযোগ উঠেছে৷ পরে মামলা নেওয়া হয়৷ লাশ উদ্ধারের ঘটনায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷
দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক সরদার আল আমিন অভিযোগ করেন, তিনি গতকাল বেলা একটার দিকে সদরুল নিপুলের (৪২) স্ত্রী নিলুফা ইয়াসমিন ওরফে নীলিমা পারভীনকে সঙ্গে নিয়ে মামলা করতে পোড়াদহ রেলওয়ে থানায় যান। থানার ওসি এনামুল হক তাঁদের জানান, এ ঘটনায় যেহেতু একটি অপমৃত্যু মামলা হয়েছে, তাই নতুন করে হত্যা মামলা নেওয়া যাবে না। এরপর নানা অজুহাতে চার ঘণ্টা কালক্ষেপণের পর বিকেল পাঁচটায় একটি হত্যা মামলা গ্রহণ করা হয়। নীলিমা পারভীনের করা ওই হত্যা মামলায় এক ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের আসািম করা হয়েছে।