হত্যা মামলা নেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার শিশিরপাড়া গ্রামে লাকী খাতুনের মৃত্যুর আলোচিত ঘটনায় থানায় ধর্ষণ ও হত্যা মামলার চেষ্টা করে ব্যর্থ হয়েছে তার পরিবার। পরে পুলিশের চাপে পরিবারটি আত্মহত্যায় প্ররোচনার মামলা করতে বাধ্য হয়েছে বলে অভিযোগ উঠেছে।নিহত লাকীর মামা জালাল উদ্দিন অভিযোগ করে প্রথম আলোকে বলেন, গতকাল রোববার দুপুরে তাঁরা কুষ্টিয়া মডেল থানায় মামলা করতে যান। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়ে দেন, ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মামলা হবে না। একপর্যায়ে তাঁদের একটি এজাহারে সই করতে বলা হয়। ওই এজাহারে উল্লেখ করা হয়, লাকীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছে। এজাহারে ধর্ষণ বা হত্যার বিষয়টি উল্লেখ না থাকায় তাঁরা তাতে সই না করে বাড়ি ফিরে যান। পরে বিকেলে তাঁরা থানায় এলে আবারও তাঁদের আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলা করতে চাপ দেওয়া হয়। একপর্যায়ে তাঁরা নিরুপায় হয়ে সেভাবেই মামলা করেন।মামলায় কুষ্টিয়া সদর উপজেলার শিশিরপাড়া গ্রামের আকমল আলীর ছেলে আহাদ আলীসহ দুজনকে আসামি করা হয়েছে।তবে এসব অভিযোগ অস্বীকার করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন দাবি করেন, লাকীর পরিবার রোববার বিকেলে একটি লিখিত অভিযোগ দিয়ে যায়। সেখানে বলা হয়েছে, লাকীর সঙ্গে কয়েক বছর ধরে আহাদ আলীর প্রেমের সম্পর্ক ছিল। ওসি জানান, আজ সোমবার লাশের ময়নাতদন্তের প্রতিবেদন সিভিল সার্জন কার্যালয়ে পাঠানোর কথা। প্রতিবেদনে বিষয়টি স্পষ্ট হবে।সদর উপজেলার বটতৈল ইউনিয়নের শিশিরপাড়া গ্রামের আজাহার আলীর মেয়ে লাকী খাতুন গত শুক্রবার রাতে নিখোঁজ হয়। পরে গত শনিবার সকালে বাড়ির পাশের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।