হত্যা মামলা প্রত্যাহারে ইউপি চেয়ারম্যানের লোকজনের হুমকি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ব্যবসায়ী মনির হোসেন হত্যা মামলা প্রত্যাহারে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের লোকজনের বিরুদ্ধে নিহতের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
মনির হোসেনের ছোট ভাই শফিকুল ইসলাম বলেন, ‘মদনপুর ইউপির চেয়ারম্যান এম এ ছালাম ও তাঁর ভাই আলীনুরের লোকজন এলাকায় মাদক বিক্রিসহ নানা অনৈতিক কর্মকাণ্ড করে আসছেন। এসব অপকর্মের বিরুদ্ধে আমাদের পরিবারের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এতে আমাদের পরিবারের সঙ্গে তাঁদের মনোমালিন্য চলছিল। এর জের ধরে এক শিশু আমার দোকানে এসে সিগারেট চায়। আমি সিগারেট না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আলীনুর ও তাঁর লোকজন আমাদের বাড়িতে হামলা চালান। এ সময় পরিকল্পিতভাবে আমার ভাই মনির হোসেনকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ৭২ ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় আমার ভাইয়ের মৃত্যু হয়। এখন তাঁরা (ছালাম ও আলীনুরের লোকজন) মামলা তুলে নিতে আমাদের হুমকি দিচ্ছেন। মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে। আমাদের পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।’
ইউপি চেয়ারম্যান এম এ ছালাম অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর কোনো লোক এসব ঘটনার সঙ্গে জড়িত নন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, মনির হোসেন হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মনিরের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।