হত্যা মামলা প্রত্যাহারে বাদীকে হুমকি, পুলিশ কর্মকর্তা ক্লোজড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার চাঞ্চল্যকার কলেজছাত্র রাজু আহম্মেদ হত্যা মামলা প্রত্যাহারের জন্য বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের সত্যতা পাওয়ার পর গত সোমবার রাতে থানার উপপরিদর্শক আনোয়ার হোসেনকে পুলিশ লাইনসে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
আসামি বিএনপি নেতার পক্ষ হয়ে ওই উপপরিদর্শক হুমকি দিচ্ছিলেন বলে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়।
উপজেলার চাপড়া মোহাম্মদপুর গ্রামের এরশাদ আলী বলেন, তাঁর কলেজপড়ুয়া ছেলে রাজু আহমদ রাজশাহী নগরের নিউমার্কেট এলাকায় খুন হন। স্থানীয় বিরোধের জের ধরে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ নিয়ে নগরের বোয়ালিয়া থানায় মামলা করেন তিনি।
মামলার তদন্ত শেষে বিএনপির গনিপুর ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক আমিনুর রশিদসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।
অভিযোগে বাদী আরও বলেন, সপ্তাহ খানেক আগে বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন আসামি বিএনপির নেতা আমিনুর রশিদের পক্ষ নিয়ে তাঁকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেন, অন্যথায় তাঁকে আরও বিভিন্ন মামলায় ফাঁসানোরও হুমকি দেন। নিরুপায় হয়ে তিনি এ বিষয়ে পুলিশের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন।
পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে অভিযোগের তদন্ত করার নির্দেশ দেওয়া হয়। তিনি তদন্তে অভিযোগের সত্যতা পান।
পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন বলেন, হত্যা মামলার মতো একটি স্পর্শকাতর মামলা প্রত্যাহারের জন্য বাদীকে হুমকি দেওয়ায় তাঁকে বাগমারা থানা থেকে প্রত্যাহার করে রাজশাহী পুলিশ লাইনসে নেওয়া হয়েছে। এখন তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।
তবে এ বিষয়ে মতামত জানার জন্য যোগাযোগ করা হলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন কোনো মন্তব্য করতে চাননি।
আর বিএনপির নেতা আমিনুর রশিদ বলেন, তিনি মামলা প্রত্যাহারের জন্য বাদীকে চাপ দিতে পুলিশ কর্মকর্তাকে প্রভাবিত করেননি। তাঁর সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার কোনো চেনা-জানাও নেই বলে দাবি করেন তিনি। কীভাবে ও কেন ওই পুলিশ কর্মকর্তা এ কাজ করলেন তা তাঁর বোধগম্য হচ্ছে না বলে জানান বিএনপি নেতা।