আশুলিয়ার নিশ্চিন্তপুরে তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় করা হত্যা মামলা বিচারের জন্য এখনো প্রস্তুত হয়নি। ওই অগ্নিকাণ্ডের দুই বছর পূর্ণ হয়েছে গতকাল সোমবার।
এই মামলায় প্রায় এক বছর আগে অভিযোগপত্র দেয় সিআইডি। পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে থানা-পুলিশ কোনো প্রতিবেদন দেয়নি। ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে আগামী ৩০ ডিসেম্বর পরোয়ানা প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।
পলাতক আসামিরা হলেন মাহাবুবুল মোর্শেদ, আবদুর রাজ্জাক, শহিদুজ্জামান ও মোবারক হোসেন। গত বছরের ৩১ ডিসেম্বর তাঁদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত আট দফায় পুলিশকে পরোয়ানা-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন। তবে পুলিশ কোনো প্রতিবেদন দাখিল করেনি। এ মামলায় অভিযোগপত্রভুক্ত ১৩ আসামির মধ্যে তাজরীনের মালিক দেলোয়ার হোসেনসহ আটজন জামিনে আছেন। চারজন পলাতক ও একজন কারাগারে আটক রয়েছেন।
২০১২ সালের ২৪ নভেম্বর রাজধানীর অদূরে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের মালিকানাধীন তাজরীন ফ্যাশনসে আগুনের ঘটনায় মারা যান ১১১ শ্রমিক। এ ঘটনায় আশুলিয়া থানার পুলিশ মামলা করে। সেই মামলায় নাশকতার পাশাপাশি (দণ্ডবিধির ৪৩৬) অবহেলার দরুন মৃত্যুর (৩০৪ ক) ধারাও যুক্ত করা হয়।
কার কী অপরাধ: অভিযোগপত্রে বলা হয়, অবহেলার কারণেই তাজরীনের অগ্নিকাণ্ড এবং হতাহতের ঘটনা ঘটেছে। ওই ভবনের নিচতলায় নিরাপত্তাকর্মী, বয়লার অপারেটর, জেনারেটর অপারেটর ও লোডারদের (কুলি) বসার কোনো জায়গা না থাকায় তাঁরা যেখানে-সেখানে বসে গল্পগুজব করতেন। নিচতলায় অতি দাহ্য কাপড়, সুতা ও অন্যান্য সরঞ্জাম রেখে গুদাম বানানো হয়েছিল। সেখানেই লোডাররা বিশ্রাম নেওয়ার সময় বিড়ি-সিগারেট বা দেশলাইয়ের কাঠির আগুন থেকে গুদামে আগুন লাগে বলে তদন্তে মনে হয়েছে। বৈদ্যুতিক গোলযোগ, বয়লার বিস্ফোরণ বা নাশকতার কোনো প্রমাণ মেলেনি। দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রী মাহমুদা আক্তার আইনগতভাবেই কারখানার মূল মালিক। তাঁদের কারখানার নিচতলায় অপরিকল্পিত গুদাম করে তাঁরা অপরাধ করেছেন।
অন্য আসামি প্রকৌশলী এম মাহাবুবুল মোর্শেদ জরুরি নির্গমন পথ, ধোঁয়া প্রতিরোধী সিঁড়ি ছাড়াই নয়তলা কারখানা ভবনের নকশা করেছেন। ভবনে পর্যাপ্ত প্রস্থান পথও নেই। এ ছাড়া কলকারখানা পরিদর্শন পরিদপ্তরে জমা দেওয়া মূল নকশায় দুটি বহির্গমন পথ থাকলেও পশ্চিম-উত্তর কোণের বহির্গমন পথটি বন্ধ করে রাখা হয়েছিল। এই পথ খোলা থাকলে শ্রমিকেরা সহজে নামতে পারতেন।
কারখানার অগ্নিনির্বাপণের যন্ত্রগুলো ব্যবহার করা হয়নি। কারখানার নিচে কর্তব্যরত নিরাপত্তা তত্ত্বাবধায়ক আল আমিন, নিরাপত্তা ব্যবস্থাপক আনিছুর রহমান, নিরাপত্তাকর্মী আনারুল রানা, ভান্ডার কর্মকর্তা (সুতা) আল আমিন ও লোডার মো. শামীম কর্তব্যে অবহেলা করে অপরাধ করেছেন।
অগ্নিসংকেত বাজার পরও কারখানার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলার কলাপসিবল গেট বন্ধ করে শ্রমিকদের বের হতে দেওয়া হয়নি। তদন্তে এ জন্য অভিযুক্ত করা হয়েছে ব্যবস্থাপক আবদুর রাজ্জাক, সহকারী উৎপাদন ব্যবস্থাপক সোহেল রানা, মান ব্যবস্থাপক শহীদুজ্জামান, উৎপাদন ব্যবস্থাপক মোবারক হোসেন, প্রশাসনিক কর্মকর্তা দুলাল উদ্দীন ও ভান্ডার কর্মকর্তা হামিদুল ইসলামকে।