হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলায় একটি হত্যা মামলাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ উঠেছে। এই মামলায় আসামি হয়ে পালিয়ে বেড়ানো তিন ব্যক্তির অভিযোগ, ওই ঘটনার বিভিন্ন আলামত ও তথ্য অনুযায়ী ঘটনার সঙ্গে মামলার বাদীর সম্পৃক্ততা পাওয়া গেলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকড়া গ্রামের মনিকান্ত রায় ওরফে বড়বাউ (৭০) গত বছরের ১১ আগস্ট রাতে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহৎযা করেন। পরদিন এ ঘটনায় তাঁর ছেলে মধুসূদন রায় (৩৩) একটি অপমৃত্যুর মামলা করেন। মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার প্রমাণ পাওয়া গেলে ডোমার থানার এসআই আলাউদ্দিন কাউকে আসামি না করে ৪ সেপ্টেম্বর একটি হত্যা মামলা করেন। কিন্তু মনিকান্তের ছেলে মধুসূদন ৯ সেপ্টেম্বর নয়ানী বাগডোকরা গ্রামের তমিজ উদ্দিন (৬০), হরিদাস রায় (৩১) ও পশ্চিম বোড়াগাড়ী গ্রামের রতন কুমার রায়কে (৩৫) আসামি করে নীলফামারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেন। পরে মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।মামলার আসামি রতন কুমারের অভিযোগ, মনিকান্তকে পারিবারিকভাবে নির্যাতন করা হতো। পারিবারিক কলহের বিষয়ে গত বছরের ২৭ জুলাই স্থানীয় সাবেক সাংসদ আবদুর রউফের বাসায় একটি সালিস বৈঠক হয়। সেখানে মনিকান্তের ছেলে মধুসূদন রায় লিখিতভাবে তাঁর বাবাকে প্রহার ও অপহরণের চেষ্টা করে অন্যদের ফাঁসানোর পরিকল্পনার কথা স্বীকার করেন। একই বিষয়ে মনিকান্ত ২ আগস্ট ডোমার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। রতন আরও অভিযোগ করেন, তিনি মধুসূদনকে মোবাইল ফোনে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি তোমাদের জড়াতে চাই নাই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু সবচেয়ে বড় কথা, আমাকে তো বাঁচতে হবে।’এ ব্যাপারে মধুসূদন রায় বলেন, ‘তখন আমার মাথা ঠিক ছিল না। তারা চালাকি করে এটা করেছে।’ তাঁর বিরুদ্ধে জিডির প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা কীভাবে কে করেছে জানি না।’ সালিস বৈঠকের বিষয়ে বলেন, ‘আমার কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছিল।’সহকারী পুলিশ সুপার সাহাবুদ্দীন আহম্মেদ বলেন, কোনো নির্দোষ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, বিষয়টি তাঁরা দেখবেন। পুলিশ সুপার মো. গোলাম রসুল বলেন, মনিকান্তের করা জিডি এবং এ সংক্রান্ত অন্যান্য কাগজপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে।