ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিক উল্লাহ চৌধুরীকে (৬৮) পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। তাঁর ছেলে ফারুক চৌধুরী গতকাল বৃহস্পতিবার অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ওই মামলা করেন।
মুক্তিযোদ্ধা আতিক উল্লাহকে গতকাল বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় দক্ষিণ কেরানীগঞ্জের নতুন বাক্তারচর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর এলাকার কাশবন থেকে গত বুধবার সন্ধ্যা সাতটায় আতিক উল্লাহর হাত বাঁধা অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
গতকাল সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গ থেকে ময়নাতদন্ত শেষে আতিক উল্লাহর মরদেহ নতুন বাক্তারচরে নেওয়া হয়। বেলা তিনটার দিকে নতুন বাক্তারচর স্কুল অ্যান্ড কলেজের মাঠে ঢাকা জেলার পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ আতিক উল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার দেয় এবং তাঁর মৃতদেহ জাতীয় পতাকা দিয়ে ঢেকে রাখে। এরপর একই জায়গায় তাঁর জানাজা হয়।
জানাজায় ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ, ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেঞ্চদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবুল মিয়া ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।
হত্যাকারীদের ফাঁসির দাবি: আতিক উল্লাহর হত্যাকারীর ফাঁসির দাবিতে ব্যানার টানিয়েছে নতুন বাক্তারচর স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা।
কোন্ডা ইউপির সাবেক চেয়ারম্যান আবু বকর বলেন, ‘আতিক উল্লাহ চৌধুরী সৎ লোক ছিলেন। তাঁর হত্যার সুষ্ঠু বিচার চাই।’ কোন্ডা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘মুক্তিযোদ্ধা আতিক উল্লাহ চৌধুরী কখনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না। হত্যাকারী যে-ই হোক, কাউকে যেন ছাড় না দেওয়া হয়।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, আটক হওয়া আসলামসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।