
পলিটেকনিকের ছাত্রী ও ছাত্র ইউনিয়নের কর্মী ফেরদৌস আফসানার মৃত্যুর ঘটনায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত হত্যা মামলা হয়নি। তবে তাঁর মামার করা অপমৃত্যুর মামলার তদন্ত করছে পুলিশ।
আফসানার মৃত্যুকে হত্যা দাবি করে ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় গতকালও বিক্ষোভ, মানববন্ধন হয়েছে। একই দাবিতে আজ শুক্রবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে ছাত্র ইউনিয়ন। একই দাবিতে ২২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলাগুলোতে জেলা প্রশাসকের কার্যালয় বরাবর বিক্ষুব্ধ পদযাত্রা ও স্মারকলিপি পেশ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
পুলিশ বলেছে, ঘটনার প্রধান সন্দেহভাজন তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ওরফে রবিন পলাতক। তাঁকে ধরতে চেষ্টা চলছে।
আফসানার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কানিকশালগাঁওয়ে। রাজধানীর মানিকদীতে একটি বাসায় থেকে শেওড়াপাড়ার বেসরকারি সাইক পলিটেকনিক ইনস্টিটিউটে স্থাপত্য বিভাগে পড়তেন। গত শনিবার বিকেলে আফসানার লাশ মিরপুরের আল-হেলাল হাসপাতালে রেখে পালিয়ে যান দুই যুবক।
ছাত্রলীগের নেতা হাবিবুরের বাবা ব্যবসায়ী আবদুল হাই গতকাল প্রথম আলোকে বলেন, আফসানার সঙ্গে তাঁর ছেলের প্রেমের সম্পর্ক ছিল। তাঁদের সম্পর্কে টানাপোড়েন চলছিল। তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়েছে বলেও ছেলের বন্ধুদের কাছে শুনেছেন। তিনি বলেন, শনিবার হাবিবুরকে দেখা করতে বলেছিলেন আফসানা। হাবিবুর যেতে না চাইলে মেয়েটি আত্মহত্যার হুমকি দেন। পরে হাবিবুর মানিকদীর ওই বাসায় গেলে মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় পান। আবেগের বশে তাঁরা পুলিশের জন্য অপেক্ষা না করেই ঝুলন্ত অবস্থা থেকে আফসানাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যান। মেয়েটি মারা গেছেন বুঝতে পেরে তাঁরা ভয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান। পরিবারের সঙ্গে হাবিবুরের এখন কোনো যোগাযোগ নেই।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহাম্মদ গতকাল সাংবাদিকদের বলেন, ওই ঘটনায় আফসানার মামা আবদুল হালিম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কাফরুল থানায় অপমৃত্যুর মামলা করেছেন। পুলিশ ওই মামলা তদন্ত করছে। আসামি ধরা পড়ার পর প্রয়োজনে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তর করা হবে। অচিরেই এই মামলার সন্দেহভাজন ব্যক্তিরা গ্রেপ্তার হবেন।
ঠাকুরগাঁওয়ে মানববন্ধন-সমাবেশ: ‘আফসানা হত্যার প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে’ গতকাল ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার নেতা-কর্মীরা যোগ দেন এবং বক্তব্য দেন। বক্তারা বলেন, ‘তনু হত্যাকাণ্ডের মতো আফসানা হত্যাকাণ্ডের ময়নাতদন্ত প্রতিবেদন ও হত্যার তদন্ত নিয়ে কোনো নাটক দেখতে চাই না।’ তাঁরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
মানববন্ধনে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সভাপতি আফরোজা পারভিন, সাধারণ সম্পাদক সুচরিতা দেব, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগরওয়ালা, রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনিল চন্দ্র সেন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ বক্তব্য দেন।
ছাত্র ইউনিয়নের কর্মসূচি: একই দাবিতে দিনাজপুর, কুষ্টিয়া, গাইবান্ধাসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্র ইউনিয়ন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে একই দাবিতে সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিলানী শুভ। সংবাদ সম্মেলনে আফসানাসহ কুমিল্লার সোহাগী জাহান তনু ও পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি জানানো হয়। এসব দাবিতে আজ সারা দেশে বিক্ষোভ ও ২২ আগস্ট বিক্ষুব্ধ পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি লাকী আক্তারসহ কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। গত বুধবার বিক্ষোভে যোগ দিতে শাহবাগে যাওয়ার সময় তেজগাঁও কলেজের ফটকে ছাত্রলীগের হামলার শিকার ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।
মহিলা পরিষদের নিন্দা-উদ্বেগ: গতকাল এক বিবৃতিতে এ ঘটনায় নিন্দা জানিয়ে উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। পরিষদের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে নারী ও শিশু হত্যা রোধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে।